মিলবে দুর্গাপুজোর আগেই, শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে পোর্টাল রাজ্যের, তথ্য চাইল অর্থ দফতর

Spread the love

রোজদিন ডেস্ক : শিক্ষক শিক্ষাকর্মী-সহ সরকারি সহায়তাপ্রাপ্ত সংস্থার কর্মীদের বকেয়া মহার্ঘভাতা বা ডিএ মেটাতে এবার তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নিল রাজ্য। ওই সব কর্মীদের তথ্য সংগ্রহ করতে আলাদা পোর্টাল তৈরির নির্দেশ দিয়েছে অর্থ দফতর। লক্ষ্য, দ্রুত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া। নবান্ন সূত্রে খবর, বুধবার অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত মিশ্র উচ্চশিক্ষা, স্কুলশিক্ষা, জনশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা, পুর ও নগরোন্নয়ন, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা, পরিবহণ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই প্রতিটি দফতরকে আলাদা পোর্টাল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়সীমার মধ্যে কোন কর্মীর কত বকেয়া রয়েছে, তার বিস্তারিত তথ্য ওই পোর্টালের মাধ্যমে অর্থ দফতরে জমা দিতে হবে। সেই তথ্যের ভিত্তিতেই বকেয়া ডিএ শোধের প্রক্রিয়া চলবে। সরকারি কর্মীদের তুলনায় সরকার অধীনস্থ সংস্থার কর্মীদের সংখ্যা প্রায় দ্বিগুণ। পাশাপাশি এই সংস্থাগুলির অনেক কর্মীর তথ্য এখনও সম্পূর্ণভাবে ডিজিটাইজড করা নয়। ফলে তথ্য সংগ্রহের কাজে কিছুটা সময় লাগতে পারে বলে মনে করছেন দফতরের কর্তারা। অর্থ দপ্তরের তরফে এই কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। চলতি বছর দুর্গাপুজোর আগেই এই বকেয়া মিটিয়ে দেওয়াটাই এখন লক্ষ্য সরকারের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*