রোজদিন ডেস্ক : প্রকাশিত হল এসআইআরের সপ্তম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। বুধবার বেশি রাতে তালিকা প্রকাশের কথা জানায় রাজ্যের সিইও দফতর। একই সঙ্গে সুপ্রিম কোর্টকে কমিশন জানিয়েছে আগামী ৭ এপ্রিলের মধ্যে বাকি বিবেচনাধীন ভোটারদেরও তথ্যের নিষ্পত্তি হয়ে যাবে। কলকাতা হাইকোর্ট শীর্ষ আদালতকে জানিয়েছে সপ্তম তালিকা ধরলে এখনও পর্যন্ত প্রায় ৪৭ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। রাজ্যের বিবেচনাধীন ভোটার হিসাবে চিহ্নিত করা হয় মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনকে। অর্থাৎ, বাকি রইল আরও প্রায় ১৩ লক্ষের কাছাকাছি নাম। যদিও নিষ্পত্তি হওয়া তথ্যের মধ্যে কত নাম বাদ গিয়েছে, তা স্পষ্ট হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিষ্পত্তি হওয়া তালিকা ধাপে ধাপে বার করার কথা জানিয়েছে কমিশন। সেই অনুযায়ী গত ২৩ মার্চ রাত থেকে অতিরিক্ত তালিকা প্রকাশ শুরু হয়েছে। কমিশনের নিয়ম অনুযায়ী, প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষদিন পর্যন্ত যাঁদের নাম ভোটার তালিকায় থাকবে, তাঁরাই বৈধ ভোটার হিসেবে বিবেচিত হবেন। প্রথম দফায় প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ৬ এপ্রিল। অর্থাৎ, ৬ এপ্রিল রাত ১২টা পর্যন্ত যাঁদের নাম ভোটার তালিকায় থাকবে, তাঁরাই ২৩ এপ্রিল ভোট দিতে পারবেন। সেই কারণে কমিশন সুপ্রিম কোর্টের কাছে বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তি ৬ এপ্রিল রাতের মধ্যে করার আর্জি জানিয়েছে।

Be the first to comment