প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি, পানিহাটির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ কল্যাণের

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভা ভোটের আবহে বাংলায় কুরুচিকর আক্রমণের ধারা অব্যাহত। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি এবং কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন পানিহাটির বিজেপি প্রার্থী আরজি করে মৃত মহিলা চিকিৎসকের মা। রবিবার এই মর্মে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে তৃণমূল। মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পানিহাটির বিজেপি প্রার্থী প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর উদ্দেশে অত্যন্ত কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকিও দিয়েছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি এই ধরনের ভাষা প্রয়োগ নিন্দনীয় তো বটেই, গণতান্ত্রিক শিষ্টাচার বিরোধীও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনের কাছে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার জন্য আর্জি জানিয়েছেন। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট পরিচালনা করতে এই ধরণের ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করার কথাও বলেছেন তিনি।
স্বাভাবিকভাবেই পানিহাটির মতো স্পর্শকাতর এলাকায় এই ধরনের মন্তব্যে ভোট রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের তরফে অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই ধরনের উস্কানিমূলক কথা বলা হচ্ছে। এর ফলে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হতে পারে বলেও চিঠিতে জানিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*