রোজদিন ডেস্ক : রাজ্যসভায় পা রাখলেন তৃণমূল কংগ্রেসের চার প্রতিনিধি। সংসদের উচ্চকক্ষে বিজেপি-বিরোধী প্রতিবাদে যোগ দিলেন তৃণমূলের চার সাংসদ। সোমবার রাজ্যসভায় শপথ গ্রহণ করেন বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক, রাজীব কুমার ও মেনকা গুরুস্বামী। বাকি তিন সাংসদ বাংলায় শপথ নিলেও আদতে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা সাংসদ মেনকা গুরুস্বামী ইংরেজিতে শপথ গ্রহণ করেন।




শপথ গ্রহণের পরই রাজ্যসভার অধিবেশনে যোগ দেন তৃণমূলের চার নয়া সাংসদ। তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও অনুপ্রেরণায় রাজ্যসভায় নতুন ইনিংস শুরু করলেন বাবুল, কোয়েল, রাজীব এবং মেনকা। এদিন অধিবেশনের শুরুতেই চার তৃণমূল সাংসদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন নবনির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করান। প্রথমে শপথ নেন বাবুল সুপ্রিয়। তারপর একে একে আসেন আইনজীবী মেনকা গুরুস্বামী, প্রাক্তন আইপিএস রাজীব কুমার ও সব শেষে অভিনেত্রী রুক্মিণী ওরফে কোয়েল মল্লিক।

Be the first to comment