পিয়ালী :
দুর্গা সম্মান, বিধান স্বাস্থ্য সুরক্ষা, যুব সম্মান, শিক্ষার আলো, কৃষক সম্মান – কংগ্রেসের ইশতেহারকে যদি সংক্ষেপে বলতে হয়, তাহলে এই পাঁচটি বিষয়ের উপর তারা জোর দিয়েছেন। মঙ্গলবার ৭ এপ্রিল ২০২৬ কলকাতার ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে এই ম্যানিফেস্টো প্রকাশ করেন। কংগ্রেসের হাত ধরুন বিধান রায়ের বাংলা গড়ুন। সাংবাদিক সম্মেলন ও ইস্তেহার প্রকাশের জায়গার চারপাশে এই স্লোগান লেখা ছিল। মাল্লিকার্জুন খড়গে ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রদীপ ভট্টাচার্য, শুভঙ্কর সরকার গোলাম আহমেদ মীর, অমিতাভ চক্রবর্তী সহ বিশিষ্ট নেতৃবৃন্দ।

কিন্তু কি আছে এই দুর্গা সম্মানে? এখানে মহিলাদের মাসে ২০০০ টাকা, স্নাতকোত্তর স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং নিঃশুল্ক সরকারি পরিবহনের কথা বলা হয়েছে। বিধান স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পে বলা হয়েছে দশ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা, বিনামূল্যে ক্যান্সার চিকিৎসার কথা। যুব সম্মান প্রকল্পে এক বছরের মধ্যে সরকারি দপ্তরের সব শূন্য পদ পূরণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিক্ষার আলো প্রকল্পে স্নাতকোত্তর স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা কৃত্রিম মেধা শিক্ষা এবং দক্ষতা উত্তরণ কেন্দ্র তৈরীর কথা বলা হয়েছে। কৃষক সম্মান প্রকল্পে বছরে ১৫ হাজার টাকা এবং মাসে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা কংগ্রেসের অঙ্গীকারপত্র বা ম্যানিফেস্টোতে আছে।

মাল্লিকার্জুন খড়গে বলেন, আমরা অনেক বছর পর বাংলায় সব সিটে লড়ছি। আমাদের উদ্দেশ্য পয়সা বিতরণ নয় বাংলার অর্থনীতিকে পুনর্গঠন করা এর সংস্কার করা আমাদের উদ্দেশ্য। তিনি মনে করিয়ে দেন বিধানচন্দ্র রায়ের আমলে বাংলা কিভাবে সব ক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছেছিল। তিনি বলেন একসময় পশ্চিমবঙ্গ তথা কলকাতা কর্মসংস্থান, বিনিয়োগের হাবা ছিল। কিন্তু আজ কলকাতার যুবক মহারাষ্ট্র ব্যাঙ্গালোর পুনা হায়দ্রাবাদে চলে যাচ্ছে। এখানকার ইয়াং জেনারেশন রাজ্যে চাকরি পাচ্ছে না। ১৫ বছরের তৃণমূল কংগ্রেস সরকার যেমন মানুষের চাহিদা পূরণ করতে পারেনি। তেমনি বিজেপিও সমাধানের কোন কথা বলছে না তাদের মুখে শুধুই বড় বড় কথা হিন্দু মুসলমান ঝগড়া লাগানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে খড়গে নারী সুরক্ষা আইনশৃঙ্খলা ইত্যাদি প্রসঙ্গে তাদের ইন্ডিয়া জোটের সঙ্গী তৃণমূল কংগ্রেসকেও ছেড়ে কথা বলেন নি। নাম না করে পার্থ চ্যাটার্জির উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি বলেন এ বিষয়ে বেশি না বলাই ভালো। এক মন্ত্রীর বান্ধবীর বাড়ির খাটের নিচে ৫০ কোটি টাকা পাওয়া গিয়েছে। দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারকে ছেড়ে কথা বলেননি, মল্লিকার্জুন খড়গে। তবে কি ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছে কংগ্রেসের?

ইশতেহারের মুখবন্ধ বা ভূমিকায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, খাদের কিনারায় চলে যাওয়া পশ্চিমবঙ্গের হৃত গৌরব ফেরাতে বাংলায় কংগ্রেস ছাড়া বিকল্প নেই।

Be the first to comment