অবশেষে সংঘর্ষ বিরতি, ২ সপ্তাহের জন্য থামল যুদ্ধ, খুলে যাচ্ছে হরমুজ

Spread the love

রোজদিন ডেস্ক : অবশেষে থামল যুদ্ধ! ২ সপ্তাহের সংঘর্ষবিরতিতে রাজি হল ইরান এবং আমেরিকা। ভারতীয় সময় বুধবার ভোরে এমনই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় আপাতত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ২ পক্ষ। যুদ্ধবিরতির প্রস্তাব অনুযায়ী, আগামী দু’সপ্তাহ আমেরিকা ইরানে কোনও সামরিক অভিযান চালাবে না। উল্টো দিকে, শর্তসাপেক্ষে হরমুজ খুলে দেবে তেহরান। সূত্রের খবর, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তির লক্ষ্যে আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে বৈঠকে বসছে দুই দেশ। ইরান আগেই জানিয়ে দিয়েছিল, সম্পূর্ণ যুদ্ধবিরতি না হলে তারা হরমুজ পুরোপুরি মুক্ত করবে না। সাময়িক যুদ্ধবিরতির বিনিময়ে মুক্ত হবে না হরমুজ। তাই এখন হরমুজ খুলে যাওয়ার অপেক্ষায় বাকি দেশগুলি। এদিন সমাজমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাক সেনা প্রধান আসিম মুনিরের প্রস্তাব আমি গ্রহণ করেছি। এই প্রস্তাব অনুযায়ী, দু’সপ্তাহের জন্য ইরানের সঙ্গে আমরা যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। পরিবর্তে হরমুজ প্রণালী খুলে দেবে তেহরান। ট্রাম্প আরও জানান, চূড়ান্ত চুক্তিতে পৌঁছনোর জন্য আগামী দু’সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ইরানের জারি করা ১০ দফা শর্ত আমাদের কাছে আছে। আমরা বিশ্বাস করি, আলোচনার জন্য এই প্রস্তাব একটা ভিত্তি হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*