রোজদিন ডেস্ক : ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সঙ্গে বিধি মেনে আয় ও সম্পত্তির পরিমান হলফনামা আকারে পেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হলফনামায় তাঁর আর্থিক অবস্থা, আয়, স্থাবর, অস্থাবর সম্পত্তি এবং ফৌজদারি মামলার বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। হলফনামায় জানিয়েছেন, তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৩৭ হাজার ৫০৯ টাকা। এর মধ্যে রয়েছে নগদ ৭৫,৭০০ টাকা এবং বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট প্রায় ১২.৭৩ লক্ষ টাকা জমা। এছাড়া গয়না রয়েছে প্রায় ৩.৪৫ লক্ষ টাকার। এর পাশাপাশি তাঁর নিজের নামে কোনও স্থাবর সম্পত্তি নেই। নেই কোনও গাড়িও। ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর মোট আয় ২৩ লক্ষ ২১ হাজার ৫৭০ টাকা। আগের বছরগুলিতেও নিয়মিত আয়কর রিটার্ন জমা দিয়েছেন তিনি। ফৌজদারি মামলার ক্ষেত্রে তিনি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কোনও মুলতুবি মামলা নেই এবং অতীতে কোনও অপরাধে দোষী সাব্যস্তও হননি। তাঁর কোনও বকেয়া ঋণও নেই। আয়ের উৎস হিসেবে রয়্যালটি ও সুদের কথাই হলফনামায় উল্লেখ করেছেন তিনি।

Be the first to comment