প্রিসাইডিং, পোলিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের ভোটগ্রহণ প্রক্রিয়ার নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ভোটের মুখে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং সেক্টর অফিসারদের জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতর। ওই, নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ভোটকর্মীদের সর্বদা নিরপেক্ষ থাকতে হবে এবং কোনও রাজনৈতিক প্রভাব বা সাহায্য গ্রহণ করা যাবে না। এমনকি কোনও উপহার বা সুবিধা নেওয়াও কঠোরভাবে নিষিদ্ধ। ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ভোট শুরুর আগে মক পোল বাধ্যতামূলক করা হয়েছে এবং ভোটগ্রহণ শুরুর আগে ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করে নিতে হবে। ভোট চলাকালীন কোনও অনিয়ম বা সমস্যা দেখা দিলে দ্রুত রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ইসিআই নেট অ্যাপের মাধ্যমে তা জানাতে হবে। ভোটগ্রহণ কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের উপরও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোটারদের গোপনীয়তা রক্ষায় ভোটকক্ষের অবস্থান, ক্যামেরার ব্যবহার এবং প্রবেশ নিয়ন্ত্রণের বিষয়েও বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। সেক্টর অফিসারদের ক্ষেত্রে ভোটকেন্দ্রের প্রস্তুতি, নিরাপত্তা, ওয়েবকাস্টিং, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা-সহ সব কিছু খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের দিন নিয়মিত পরিদর্শন করে রিপোর্ট দেওয়ার কথাও বলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*