রোজদিন ডেস্ক :
টিএমসি ও বিজেপিকে নিশানা করে আজজনতার চার্জশিট প্রকাশ করলো প্রদেশ কংগ্রেস।
রাজ্য সরকারের অপশাসন ও জাতীয় স্তরে কেন্দ্রীয় তহবিলের অভাবে রাজ্য ভুগছে বলে এখানে জানানো হয়েছে।
রাজ্যে ব্যাপক দুর্নীতি, বেরোজগারি, সাংস্কৃতিক পরিচিতি ও অর্থ বরাদ্দ ইত্যাদি বিষয় তুলে ধরেছেন তাঁরা।
রাজ্যের টিএমসি সরকারকে নিশানা করে চার্জশিটে বলা হয়, এই আমলে সিন্ডিকেট রাজের উত্থান, বিপুল আর্থিক কেলেঙ্কারি, নিয়োগ দুর্নীতি, মহিলাদের বিরুদ্ধে হিংসা ও সাম্প্রদায়িক অশান্তির সাক্ষী হয়েছে রাজ্য।
সরকারের ব্যর্থতায় সরকারি ক্ষেত্রে ঋণ বৃদ্ধি, যুব সমাজের অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে।
প্রদেশ কংগ্রেস মনে করে, এখানকার মানুষ দায়বদ্ধতা চান, তাঁরা দুই দলের পারস্পরিক তরজা চান না, যা রাজ্যকে অবনমনের দিকে নিয়ে গেছে।
আজ দলের জাতীয় পর্যবেক্ষক গোলাম আহমেদ মীরের উপস্থিতিতে এই জনতার চার্জশিট প্রকাশ করে প্রদেশ কংগ্রেস। তাঁর দুদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য সহ বিশিষ্ট নেতারা ছিলেন।
সম্প্রতি দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও নির্বাচনী প্রচারে এসে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে এখানকার পরিস্থিতির জন্য দায়ী করে গেছেন।
প্রদেশ,কংগ্রেসের জনতার চার্জশিটে বর্তমান সরকারের আমলে সারদা, রোজভ্যালি চিট ফান্ডের প্রতারণা, বিদ্যালয় নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি ইত্যাদি তুলে ধরা হয়েছে। এই সবই প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে অভিযোগ করেন তাঁরা।
কেন্দ্রর শাসক বিজেপি কে তীব্র আক্রমণ শানিয়ে বলা হয়, তারা এখানে বাংলা বিরোধী আবেগকে প্রমোট করছে। বিভিন্ন কল্যাণ প্রকল্পের টাকা আটকে রেখে রাজ্যের ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যর অবমাননা করছে। রাজ্যে নির্দিষ্ট ভাবে রাজনৈতিক বিরোধী দের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে নিশানা করা হচ্ছে। বাংলার পরিচিতিকে বিজেপি রাজনৈতিক ইস্যু করে তুলেছে ও বিভাজনের রাজনীতি করছে বলেও তাদের অভিযোগ।
উল্লেখ্য দীর্ঘ কুড়ি বছর পর এবার নিজের শক্তিতে বিধান সভা নির্বাচনে লড়ছে কংগ্রেস। এতে উজ্জীবিত দলের কর্মী সমর্থকরা।
এআইসিসি-র মুখপাত্র চরণ সিং সাপরা বলেন, মমতা ব্যানার্জির সরকারের গত পনের বছরের অপশাসনে সাধারণ মানুষ ক্ষুব্ধ, রুষ্ট। কংগ্রেসই একমাত্র দল যারা এই নির্বাচনে ২৯৪ টি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে, লড়ছে। এই রাজ্যের মানুষ বিজেপির মতাদর্শে বিশ্বাসী নয় বলে তিনি জানান।

Be the first to comment