রোজদিন ডেস্ক :
ভাঙড়ে নওসাদ সিদ্দিকীর প্রচারে হামলার অভিযোগ উঠলো টিএমসি-র বিরুদ্ধে।
ভাঙড়ের ভোগালিতে তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া, আইএসএফ কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন আহতও হন বলে জানা যায়।
এই ঘটনায় ক্ষুব্ধ আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকী বলেন, ওরা (টিএমসি) প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে জয় বাংলা ধ্বনি দিচ্ছিল। তা দিতেই পারে, এতে আপত্তির কিছু নেই। কিন্তু এরপর তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়েন। তাঁদের কর্মী সমর্থকদের মারধর করেন। একজনের নাক মেরে ফাটিয়ে দেওয়া হয়। সব কিছুই পুলিশের সামনে হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ভাঙড়ে তারা হারবে এটা টিএমসি বুঝে গেছে বলে মন্তব্য করেন নওসাদ সিদ্দিকী। নির্বাচন কমিশন, প্রশাসনকে এই ঘটনা জানানো হবে।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ফুরফুরা শরিফের পীরজাদা পরিবারের সদস্য নওসাদ সিদ্দিকী ভাঙড়ে বাম -কংগ্রেস জোটের সমর্থনে জয়ী হন। তিনিই একমাত্র ওই জোটের জয়ী প্রার্থী ছিলেন। গত পাঁচ বছরে শাসক দলের পক্ষে নানাভাবে তাঁকে হেনস্থার অভিযোগ ওঠে।
এবারও ভাঙড়ে বাম জোটের প্রার্থী তিনি। তাঁর বিপক্ষে শওকত মোল্লাকে দাঁড় করিয়েছে শাসক দল।
এই আসন উদ্ধারে মরিয়া টিএমসি। তা রক্ষায় সচেষ্ট সিদ্দিকী ও তাঁর অনুগামীরা। এবারের নির্বাচনে ভাঙড় অন্যতম নজরকাড়া কেন্দ্র।

Be the first to comment