রোজদিন ডেস্ক : মঙ্গলবার সকালে আচমকা আগুন লাগলো সল্টলেকে আনন্দলোক হাসপাতালে। আগুন লাগতেই তীব্র আতঙ্ক ছড়ায় গোটা চত্বরে। তড়িঘড়ি রোগীদের বের করে আনার চেষ্টা শুরু করেন কর্মী ও রোগীর আত্মীয়রা। পরে দমকল এসে সেই কাজে হাত লাগায়। সর্বশেষ খবর, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। স্থানীয় সূত্র জানা গিয়েছে, এদিন সকালে প্রথম হাসপাতালের দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এরপরেই দ্রুত রোগীদের নিরাপদ জায়গায় বের করে নিয়ে আনা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুন নেভানোর পাশাপাশি হাসপাতালের মধ্যে কেউ এখনও আটকে রয়েছেন কিনা তাও খুঁজে দেখা হচ্ছে।পুলিশের দাবি, সমস্ত রোগীকেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভিতরে কেউ নেই। কীভাবে আগুন লাগলো তা জানার চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে অনুমান অপারেশন থিয়েটারের এসি মেশিনের বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই এই আগুন লেগেছে। হাসপাতালের অগ্নি নির্বাপণ ব্যবস্থা কতটা ভালো ছিল, বা আদৌ ছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। দোতলা থেকে আগুন যাতে আর না ছড়িয়ে পড়ে সেদিকেও নজর রাখা হয়েছে। সর্বশেষ খবর, আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

Be the first to comment