রোজদিন ডেস্ক : মোটর বাইক নিয়ে নির্বাচন কমিশনের অতি-সক্রিয়তায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। ভোট গ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞা ‘অযৌক্তিক’ বলে কমিশনকে বৃহস্পতিবার তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। এদিনের শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও কমিশনকে উদ্দেশ্য করে বলেন, অযথা সবকিছু থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আপনারা নিজের ক্ষমতার অপব্যবহার করছেন। ভোটের সময়ে যেহেতু আপনাদের এক্তিয়ারে সবকিছু, আপনারা যা নয় তাই করছেন। এ সব অন্যায়। অন্য রাজ্যে কোথায় এমন বিজ্ঞপ্তি জারি হয়েছে দেখান! মনে রাখবেন, ক্ষমতা আছে বলে যা খুশি করা যায় না। কমিশনের যুক্তি নিয়ে সরাসরি প্রশ্ন তুলে বিচারপতি বলেন, পরিস্থিতি যদি এতটাই গুরুতর হয়, তাহলে জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে না কেন? শুধু বাইক বন্ধ করে কীভাবে গোলমাল আটকানো সম্ভব? দুষ্কৃতীরা কি শুধু বাইকই ব্যবহার করে? এ-প্রসঙ্গে গত পাঁচ বছরে বাইককে কেন্দ্র করে কতগুলি এফআইআর হয়েছে, বাস্তবে এমন ঘটনার নজির ক’টা আছে, তার বিস্তারিত তথ্য আদালতে পেশ করার করুন। অপরাধীদের ছেড়ে কেন সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সে-প্রশ্নও তোলেন বিচারপতিরাও।

Be the first to comment