রোজদিন ডেস্ক : কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী আসানসোলে কংগ্রেস সমর্থক দেবদীপ চ্যাটার্জির মর্মান্তিক মৃত্যুর তীব্র নিন্দা করেছেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে তিনি আন্তরিক সমবেদনা জানান।
পশ্চিম বঙ্গে টিএমসি-র গুন্ডারাজ চলছে জানিয়ে সমাজ মাধ্যমে রাহুল গান্ধী বলেন, ভোটের পরেই বিরোধীদের কন্ঠরোধ করতে প্রয়াস নিচ্ছে টিএমসি, এটাই ওদের চরিত্র। ওখানে গণতন্ত্র না, টিএমসি-র গুন্ডারাজ চলছে বলে ধিক্কার জানান। বলেন,
কংগ্রেসের রাজনীতি কখনোই হিংসায় বিশ্বাসী নয়। এই হিংসার রাজনীতি কখনো স্থায়ী হয় না৷ দলের কার্যকর্তা (দেবদীপ চ্যাটার্জি) প্রাণ হারালেও তাঁরা সব সময় অহিংসা, সংবিধানের পথেই চলবেন।
রাহুল গান্ধী এই ঘটনায় দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে আসানসোলের নিজের আবাসনের সামনে নির্মমভাবে প্রহৃত হন দেবদীপ চ্যাটার্জি। তাঁর স্ত্রী, শিশু পুত্রের সামনেই টিএমসি সমর্থকরা তাঁকে প্রচন্ড মারধর করে বলে অভিযোগ। গতকাল সকালে তিনি শেষ নিশ্বাস ফেলেন। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

Be the first to comment