স্ক্রুটিনি শেষ, আরও বেড়ে প্রথম দফায় ভোটদানের হার ঠেকল ৯৩.১৯ শতাংশে

Spread the love

রোজদিন ডেস্ক: বাংলার প্রথম দফায় ১৫২ আসনের স্ক্রুটিনি শেষ। এবার সামনে এল ভেটদানের চূড়ান্ত পরিসংখ্যান। কমিশনের দেওয়া তথ্য বলছে, ভোটদানের হার আরও কিছুটা বেড়েছে। চূড়ান্ত হিসেব বলছে, রাজ্যে ভোট পড়েছে সবমিলিয়ে ৯৩.১৯ শতাংশ। স্বাধীনতার পর যা সর্বোচ্চ বলেই দাবি নির্বাচন কমিশনের। জেলাভিত্তিক হিসাবে কোচবিহার শীর্ষে। ৯৬.২ শতাংশ ভোট পড়েছে সেখানে। তারপর দক্ষিণ দিনাজপুর ৯৫.৪৪ শতাংশ ও মালদা ৯৪.৭৯ শতাংশ ভোটদানের হার নজর কেড়েছে। উত্তর দিনাজপুরে ৯৪.১৬ শতাংশ, জলপাইগুড়িতে ৯৪.৭৬ এবং বীরভূমে ৯৪.৫১ শতাংশ ভোট পড়েছে। মুর্শিদাবাদে ৯৩.৬৭ শতাংশ এবং আলিপুরদুয়ারে ৯৩.২ শতাংশ ভোটদান হয়েছে। দক্ষিণে তুলনায় কম। পূর্ব মেদিনীপুরে ৯২.৭৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৯২.১৯ শতাংশ এবং ঝাড়গ্রামে ৯২.২৬ শতাংশ, বাঁকুড়ায় ৯২.৫৫ শতাংশ এবং পুরুলিয়ায় ৯১.৫৯ শতাংশ ছিল ভোটদানের হার। পশ্চিম বর্ধমানে আরও কমে দাঁড়িয়েছে ৯০.৩২ শতাংশে। পাহাড়ের মধ্যে দার্জিলিংয়ে ৮৮.৯৮ শতাংশ এবং কালিম্পংয়ে ৮৩.০৪ শতাংশ ভোট পড়েছে।

এই দফায় মোট ভোটার ছিলেন ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ৩০৪ জন। ভোট দিয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ২২ হাজার ১৬৮ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৭০ লক্ষ ৮১ হাজার ৮৪৯, এবং মহিলা ভোটার ১ কোটি ৬৫ লক্ষ ৪০ হাজার ৬৫ জন। সব মিলিয়ে, প্রথম দফার বাংলার জনগণ যে নজির গড়লেন তা গণতান্ত্রিক অংশগ্রহণের ক্ষেত্রেও দৃষ্টান্ত বলেই মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*