রোজদিন ডেস্ক : ভোট শেষ হওয়ার পর থেকে স্ট্রংরুমে নজরদারিতে জোর দিতে কর্মীদের বারবার বলেছেন তৃণমূলনেত্রী। এই নিয়ে বিতর্কের মধ্যে এবার অভিযোগ উঠল বারাসতে। অভিযোগ, সিসিটিভি বন্ধ বারাসতের স্ট্রংরুমে। অভিযোগ তুলেছেন তৃণমূলের বারাসতের প্রার্থী সব্যসাচী দত্ত এবং অশোকনগরের প্রার্থী নারায়ণ গোস্বামী। খবর ছড়িয়ে পড়তেই স্ট্রংরুমের সামনে হাজির হন তৃণমূল কর্মীরা। চরম উত্তেজনা তৈরি হয়। বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসিটিভি বন্ধ ছিল দীর্ঘক্ষণ, এমনই অভিযোগ সব্যসাচী দত্তর। এই স্ট্রং রুমে বারাসত, হাবড়া, অশোকনগর, দেগঙ্গা-চারটি বিধানসভার ইভিএম রয়েছে। গণনা হবে এখানেই। স্ট্রংরুমের সিসিটিভি ফুটেজের একটি আউটপুট দেওয়া ছিল মাঠে। যেটা এদিন সকাল থেকে বেশ কিছুক্ষণের জন্য ব্ল্যাক হয়ে যায় বলেই অভিযোগ। তৃণমূল বলছে, সকাল ৮টা ৫ মিনিট থেকে ৮টা ২২ মিনিট পর্যন্ত সিসিটিভির মনিটরগুলি সম্পূর্ণ কালো ছিল। অশোকনগরের প্রার্থী নারায়ণ গোস্বামী চলে আসেন। কমিশনের তরফে এসডিপিও, এআরও আসেন। কমিশন জানিয়েছে, স্ট্রংরুমের ভিতরে সিসিটিভি চলছিল। কেউ মনিটর অফ করে দিয়েছিল। তৃণমূল পাল্টা দাবি ওই ২২ মিনিটের ফুটেজ দেখাতে হবে। সব্যসাচী দত্ত বলেন, ৮টা ৫ মিনিট থেকে সিসিটিভির ফিড ব্ল্যাক আসছে। আমাদের লোকেরা দেখছে ক্যামেরা বন্ধ। আমাদের ফুটেজ দেখাতে হবে। ইলেকশন কমিশন কি খেলা করছে?

Be the first to comment