পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলা: আগামী ৬ মে বুধবার দুই মন্ত্রী সুজিত বোস ও রথীন ঘোষকে তলব করল ইডি

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় দমকলমন্ত্রী তথা বিধাননগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাঁকে ৬ মে বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে শুক্রবার ১ মে তিনি সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দেন। প্রায় ৯ ঘন্টা তাঁর জেরা চলে। সেই সময় অস্থাবর সম্পত্তি সংক্রান্ত কিছু নথি নিয়ে আসার কথাও বলা হয়েছে দমকলমন্ত্রীকে। তাঁর ওই নথি যাচাই করে দেখা হবে আগামী বুধবার। পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুজিত বসুকে একাধিক বার তলব করেছে ইডি। তবে তিনি প্রতিবারই ইডির থেকে সময় চেয়ে নেন। হাজিরা এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হন সুজিত। ভোটের কাজে ব্যস্ততার কথা তিনি আদালতে জানান। এরপর বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ নির্দেশ দেয় ভোট মিটলে ১ মে সুজিতকে হাজিরা দিতে হবে ইডি দফতরে। তার পরই তিনি শুক্রবার ইডি দফতরে হাজিরা দেন। সুজিত বসু ছাড়াও আর এক মন্ত্রী রথীন ঘোষকেও একই দিনে তলব করেছে ইডি। পুরনিয়োগ দুর্নীতি মামলাতেই তাঁকে তলব করা হয়েছে। তাঁকেও এর আগে একাধিক বার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনিও ভোটের কাজে ব্যস্ত রয়েছেন বলে হাজিরা দেননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*