রোজদিন ডেস্ক :
আগামীকাল শপথ গ্রহণ নতুন সরকারের। এর আগে আজ সন্ধ্যায় ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লোকভবনে রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিক ভাবে সরকার গঠনের দাবিপত্র পেশ করেন। বিজেপি বিধায়কদের স্বাক্ষরিত চিঠি রাজ্যপালকে দেন। তাঁর সঙ্গে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, লকেট চ্যাটার্জি, দিলীপ ঘোষ, তাপস রায়, শান্তনু ঠাকুর প্রমুখ।
আজ ই পরিষদীয় নেতা ও মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী র নাম ঘোষণা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
রীতি মাফিক নতুন সরকার গঠন করার আগে রাজ্যপালকে বিধায়কদের স্বাক্ষরিত সমর্থনপত্র দিতে হয়। আজ শুভেন্দু অধিকারী রীতি মেনে এই কাজ করেন।
উল্লেখ্য, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নজিরবিহীন ভাবে তাঁর ইস্তফা পত্র রাজ্যপাল কে পেশ করেননি।
এইদিন ও তৃণমূল দাবি করেছে, এই সরকার অসাংবিধানিক। তাঁরা এই সরকার মানেন না।
যদিও ৭ মে পূর্বের বিধান সভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যপাল। মমতা ব্যানার্জি ও তাঁর মন্ত্রিসভা এখন প্রাক্তন।
আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল আর এন রবি।
আগামীকাল সকালে বায়ুসেনার বিশেষ বিমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা আসছেন। রাজ্যের প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁকে আসতে হবে বলে শেষ দিনের নির্বাচনী প্রচারে জানিয়ে গেছিলেন তিনি। সেই মত প্রধানমন্ত্রী সহ একঝাঁক মন্ত্রী, নেতা আগামীকাল এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Be the first to comment