রোজদিন ডেস্ক: দলের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে বিবাদে জড়িয়ে খুইয়েছিলেন লোকসভায় দলের চিফ হুইপ পদ। সেই পদ পেয়েছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে নিজের পদ ফিরে পেলেন শ্রীরামপুরের সাংসদ। বৃহস্পতিবার নেত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক থেকেই ফের কল্যাণকে দলের চিফ হুইপ পদে ফেরালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি ডানা ছাঁটা হল কাকলির? কোনও স্পষ্ট উত্তর মেলেনি। তবে দলের অন্দরে গুঞ্জন, বারাসতে সব্যসাচী দত্তের হার খুব ভালো ভাবে নেয়নি দল। শুধু বারাসতই নয়, ছাব্বিশের ভোটে উত্তর ২৪ পরগনার মতো শক্ত গড়ে তৃণমূলের ফলাফল মোটেও আশাপ্রদ নয়। ৩৩টির মধ্যে ৯টি আসন পেয়েছে তাঁরা। বারাসত সাংগঠনিক জেলার বেশিরভাগ কেন্দ্রেই বিজেপি জয়ী। এরপরই বারাসতের সাংসদের পদও গেল। যদিও এখনও তিনি বারাসত সাংগঠনিক জেলার সভাপতি রয়েছেন। তবে চিফ হুইপ পদে ফেরায় দলে যে কল্যাণের গুরুত্ব বাড়ল তা বলাই বাহুল্য

Be the first to comment