রোজদিন ডেস্ক :
রাজ্য সরকার অভয়া কান্ডের ফাইল খুলতেই আজ আচমকা আর জি কর হাসপাতালে যান বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। আজ ওখানে গিয়ে সরাসরি এই কান্ডে সিবিআই এর তদন্তকারী বিশিষ্ট আধিকারিক সীমা আহুজার দিকে অভিযোগের আঙুল তোলেন। একটি ভিডিও প্রকাশ করে বলেন, একজন নার্স এই ভিডিও তুলেছিলেন, যেখানে পরিস্কার বোঝা গেছিল, আর জি করের সিঁড়ি দিয়ে একটি মৃতদেহ (অভয়ার?) নামানো হয়েছে। এই বিশেষ ভিডিও সীমা আহুজা নেন ও নার্সকে তাঁর ফোনে এই ভিডিও মুছে দিতে বলেন। জানিয়ে দেন, এটা না করলে তিনি বিপদে পড়বেন। সেই ভিডিও আর সর্বসমক্ষে আসেনি বলে অভিজিৎ গাঙ্গুলি জানান।
আর জি করের জরুরি ভবনে গিয়ে এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে প্রাক্তন বিচারপতি আরও বলেন, “আমি যে ঘরের সামনে দাঁড়িয়ে আছি, সেটি অভয়ার মৃত্যু মামলায় গুরুত্বপূর্ণ জায়গা। এখনও ঘরটি তালাবন্ধ আছে।” অভয়ার মৃতদেহ যেখানে পাওয়া যায়, এই ঘর দিয়েই সেখানে যাওয়া যায় বলে তাঁর দাবি৷ অভিজিৎ গাঙ্গুলি জোরের সঙ্গে সিবিআই এর গাফিলতির কথা জানিয়ে বলেন, সিবিআই এই ঘরে ঢুকলেই অনেক কিছু উদ্ধার করতে পারত, কিন্ত করেনি। এর জন্য সীমা আহুজাকে নিশানা করেন তিনি। ওঁকে অভিযুক্ত করে জিজ্ঞাসাবাদ করা দরকার বলে পরিস্কার জানান।
উল্লেখ্য, গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভয়া কান্ডে তৎকালীন পদস্থ পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। সাসপেন্ড করা হয়েছে তিন আইপিএস-কে। এমনকি দেশব্যাপী তোলপাড় তোলা এই ভয়ংকর ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, মন্ত্রীদের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন।

Be the first to comment