গেরুয়া আবিরে রাঙা কৃষ্ণনগর, বিজয় মিছিলে উচ্ছ্বাসে ভাসলেন বিজেপি সমর্থকেরা

Spread the love

রমিত সরকার, নদীয়া : 

কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক তারকনাথ চট্টোপাধ্যায়-এর জয় উদ্‌যাপনকে ঘিরে শনিবার কার্যত উৎসবের আবহ তৈরি হয় কৃষ্ণনগর শহরে। তাঁর সমর্থনে আয়োজিত বিশাল বিজয় মিছিল শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলে বিজেপি কর্মী-সমর্থকদের বিপুল উপস্থিতি শহরবাসীর নজর কেড়েছে।

সকাল থেকেই দলীয় পতাকা, গেরুয়া আবির, ঢাক-ঢোল ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের পরিবেশ। মিছিল এগোতে থাকলে রাস্তার ধারে দাঁড়িয়ে বহু মানুষ নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা জানান। কোথাও ফুলের মালা পরিয়ে, কোথাও কপালে আবিরের টিকা এঁকে তাঁকে অভিনন্দন জানাতে দেখা যায় সমর্থকদের। বহু যুবক-যুবতী ও সাধারণ মানুষকে বিধায়কের সঙ্গে ছবি তুলতেও দেখা যায়।

মিছিলজুড়ে ছিল আবেগ ও উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। “জয় শ্রী রাম” ধ্বনি এবং বিজেপির সমর্থনে বিভিন্ন স্লোগানে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। গেরুয়া আবিরে ঢেকে যায় শহরের বিভিন্ন রাস্তা। কর্মী-সমর্থকদের হাতে ছিল দলীয় পতাকা, ফেস্টুন ও ব্যানার। নির্বাচনী জয়ের আনন্দে এদিন কৃষ্ণনগরে যেন উৎসবের আবহই ধরা পড়ে।

মিছিলকে ঘিরে নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত এলাকায় মোতায়েন ছিল পুলিশ বাহিনী। যান চলাচল নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায় ট্রাফিক পুলিশকে। প্রশাসন সূত্রে খবর, গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।

বিজয় মিছিল শেষে বিধায়ক তারকনাথ চট্টোপাধ্যায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের আশীর্বাদ ও দলীয় কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই জয় সম্ভব হয়েছে। আগামী দিনে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার আশ্বাসও দেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*