রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামী বুধবার, ২০ মে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাশাসক, পুলিশ সুপার এবং দফতরের শীর্ষ আধিকারিকদের ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন, পরিকাঠামো, পর্যটন, সড়ক যোগাযোগ, স্বাস্থ্য পরিষেবা, কৃষি এবং সীমান্তবর্তী এলাকার প্রশাসনিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। বিশেষ করে পাহাড় ও ডুয়ার্সের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি নিয়েও মুখ্যমন্ত্রী পর্যালোচনা করবেন। বর্ষার আগে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি, চা-বাগান এলাকার শ্রমিকদের সমস্যা এবং উত্তরবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতিও আলোচনায় উঠতে পারে। রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনে গতি আনতে একাধিক পদক্ষেপ করেছে নবান্ন। সেই প্রেক্ষিতেই এবার জেলা প্রশাসনের সঙ্গে সরাসরি সমন্বয় বাড়াতে মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন অঞ্চলে প্রশাসনিক বৈঠক করছেন। উত্তরবঙ্গ সফরের পরদিন, বৃহস্পতিবার ২১ তারিখ দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং ঝাড়গ্রাম-সহ একাধিক জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।শিল্পাঞ্চল ও খনি ভিত্তিক এলাকার উন্নয়ন, শিল্পে বিনিয়োগ, কর্মসংস্থান, পানীয় জল, রাস্তা ও গ্রামীণ পরিকাঠামো সংক্রান্ত বিষয়গুলি সেখানে গুরুত্ব পেতে পারে।

Be the first to comment