রোজদিন ডেস্ক : প্রশাসক আর নয়। চাই নির্বাচিত পুর বোর্ড। এই লক্ষ্যে রাজ্যে পালাবদলের পর কয়েকটি পুরসভার ভোট নিয়ে শুরু হল প্রশাসনিক তৎপরতা। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালও সেইরকম ইঙ্গিত দিয়েছেন। এর ফলে দীর্ঘদিন প্রশাসক দিয়ে চলা পুরসভার বাসিন্দারা এবার আশার আলো দেখছেন। কোন কোন পুরসভায় এই পরিস্থিতি চলছে, তালিকায় একবার চোখ বোলালে দেখা যাচ্ছে, এর মধ্যে রয়েছে হাওড়া, বালি, দুর্গাপুর। এছাড়াও মুর্শিদাবাদের ডোমকল, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর, দক্ষিণ ২৪ পরগনার পুজালি, পাহাড়ের কার্শিয়াং, মিরিক, কালিম্পং, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, হলদিয়া, নদীয়ার কুপার্স ক্যাম্প, বীরভূমের নলহাটি, জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভা। এর মধ্যে অধিকাংশ পুরসভায় শেষবার ভোট হয়েছে ২০১৭ সালে। কয়েকটিতে শেষবার ভোট হয়েছে ২০১৫ সালে। তারপর থেকে চলছে প্রশাসক রাজ। বাকি ১১২টি পুরসভার নির্বাচন হয়েছিল ২০২২ সালের গোড়ায়। আর কলকাতা পুরসভার ভোট হয়েছিল ২০২১ সালের ডিসেম্বরে। কিন্তু তখনও কেন এই পুরসভাগুলিতে ভেট করানো হয়নি তা বলা মুশকিল। তবে সরকার বদলের পর তৎপরতা শুরু হওয়ায় আশায় আছেন পুরবাসীরা। তবে ঠিক কবে ভোট, তা নিশ্চিত করে বলা হয়নি। তবে ১২ জেলার ১৫ পুরসভায় বছরের পর বছর নির্বাচিত পুরবোর্ড নেই। নেই কাউন্সিলার। ফলে বিস্তর দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। রাজ্যের নয়া পুরমন্ত্রী জানিয়েছেন, এই পুরসভাগুলিতে নির্বাচনের দিনক্ষণ এখনই নির্দিষ্ট না হলেও সরকার ইতিমধ্যে এই সংক্রান্ত উদ্যোগ নিয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শীঘ্রই সিদ্ধান্ত জানাবেন।

Be the first to comment