রোজদিন ডেস্ক : জাতীয় শিক্ষানীতি-সহ শিক্ষার উৎকর্ষের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্প চালু করেছে, এরাজ্যেও খুব শিগগিরই তা কার্যকর করা হবে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এমনই আশ্বাস দেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে রাজ্যে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প এতদিনেও বাস্তবায়িত হয়নি, নতুন সরকার সেই সমস্ত প্রকল্প দ্রুত চালুর সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকের পর সুকান্ত মজুমদার বলেন, আগের সরকারের আমলে জাতীয় শিক্ষানীতি ২০২০, পিএমশ্রী স্কুল প্রকল্প এবং পিএমউষা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। এর ফলে পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলি কেন্দ্রীয় সহায়তা এবং উন্নয়নমূলক সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তাঁর অভিযোগ, পূর্বতন সরকার আরইউএসএ প্রকল্পের ক্ষেত্রেও অধিকাংশ ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি। এমনকি দ্বিতীয় পর্যায়ে ১১১টি প্রকল্পের মধ্যে মাত্র দু’টির কাজ এগিয়েছিল। কল্যাণীর ট্রিপল আইটি প্রকল্পেও রাজ্যের আর্থিক অংশীদারিত্বের ঘাটতি ছিল। তিনি দাবি করেন, মাত্র ৬ কোটি ১৪ লক্ষ টাকা না দেওয়ার কারণে প্রকল্পের কাজ আটকে ছিল। সেই বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনা হয়েছে এবং শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষা দফতরের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত সমস্যার সমাধান করা হবে। তিনি আরও জানান, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক হতে পারে। সেখানে জাতীয় শিক্ষানীতি ২০২০ কার্যকর করা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নয়ন এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হবে।


Be the first to comment