রোজদিন ডেস্ক :
রাজ্যে সরকার বদল হলেও কলকাতা পুরসভায় এখনও তাঁরাই ক্ষমতায় আছেন। গতকালই মাসিক অধিবেশন বাতিল হওয়ার পর আজ চেয়ারপার্সন মালা রায় টিএমসি কাউন্সিলরদের পুর ভবনে যেতে বলেন। সেই মত মেয়র ফিরহাদ হাকিম সহ বেশির ভাগ কাউন্সিলর পুরসভা ভবনে যান। অধিবেশন কক্ষ তালা বন্ধ থাকায় তাঁরা কাউন্সিলরদের ক্লাবে নিজেদের মত করে অধিবেশন করেন। মেয়র ফিরহাদ হাকিম সেখানে বলেন, অধিবেশন বাতিলের পর কোন বিপর্যয় হলে তার দায় কে নেবে? অধিবেশন ইচ্ছা মত বাতিল করা যায় না৷ একমাত্র চেয়ারপার্সন ( মালা রায়)-ই তা করতে পারেন। যেভাবে তা বাতিল করা হোল, তা গণতন্ত্রের অপমান। গণতন্ত্র রক্ষার জন্য তিনি সবাইকে একসঙ্গে লড়াই এর আহবান জানান। ক্ষুব্ধ মালা রায় বলেন, আইন অধিবেশন ডাকার ক্ষমতা চেয়ারপার্সনকেই দিয়েছে, তা সচিব কাউন্সিলরদের জানান। কোন কারণ না দেখিয়ে অধিবেশন বাতিল করায় একরাশ ক্ষোভ উগরে দেন তিনি।
সূত্রের খবর, ১৩৬ জন টিএমসি-র কাউন্সিলরদের মধ্যে অনেকেই অনুপস্থিত ছিলেন। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আজ তাঁর বাড়িতে কাউন্সিলরদের যে বৈঠক ডাকেন, সেখানেও অনেকেই যাননি।
এই সব নিয়ে দলের অন্দরের ফাটল আরও চওড়া হচ্ছে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
রাজ্যে পালাবদলের পর শুধু কলকাতা পুরসভাই না, টিএমসি পরিচালিত রাজ্যের একাধিক পুরসভায় ডামাডোল শুরু হয়েছে। ভাটপাড়া পুরসভার সিংহ ভাগ পুর প্রতিনিধি পদত্যাগ করেছেন। বিধাননগর পুরসভায় বেশির ভাগ কর্মকর্তা আসছেন না।
বহু পুরসভায় নাগরিক পরিসেবা বিপর্যস্ত। এই পরিস্থিতিতে সরকার কি ব্যবস্থা নেয় তার অপেক্ষায় আছেন আমজনতা।

Be the first to comment