রোজদিন ডেস্ক :
আর জি করের নির্যাতিতার বিধায়ক মা রত্না দেবনাথ আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে যান। নবান্নের চোদ্দ তলায় বসেই সমাজ মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিঁধলেন তিনি। লেখেন, এই চোদ্দ তলায় তিনি বসে আছেন। বলেন, এখন তিনি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী দুজনেই সর্বহারা। তিনি একমাত্র কন্যা সন্তানকে হারিয়েছেন। আর মমতা ব্যানার্জি তাঁর চোদ্দ তলার গদি হারিয়েছেন।
রত্না দেবনাথ আরও লেখেন, সততার অনেক শক্তি। শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। একমাত্র কন্যাকে হারিয়ে তিনি মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞায় ব্রতী হয়েছেন। তাঁর পরিচয়, তিনি ডক্টর দেবনাথের গর্বিত মা।
অন্যদিকে তৃণমূল নেত্রী ও তাঁর দলের আরও করুণ পরিণতি সবাই দেখতে পাবেন বলে মন্তব্য করেন রত্না দেবনাথ।
উল্লেখ্য, নতুন সরকার ক্ষমতাসীন হয়ে আর জি করের নির্যাতিতার নৃশংস ঘটনায় তৎকালীন তিন পুলিশ আধিকারিকের ভূমিকা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে। সাসপেন্ড করা হয়েছে তাঁদের। এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, মন্ত্রীদের ভূমিকা ও তদন্তের আতস কাঁচের তলায়।
অন্যদিকে সি বি আই নির্যাতিতার নৃশংস ধর্ষণ, হত্যার রহস্য উন্মোচনে ফের তদন্ত শুরু করে সক্রিয় হয়েছে।
সুবিচারের অপেক্ষায় আছেন তাঁর মা বাবা।

Be the first to comment