প্রতিবেদন: তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, একুশ সালে ভোট পরবর্তী হিংসায় উসকানি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। সেই অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলাতে শুক্রবার পরমব্রতর এফআইআর খারিজের আবেদন বাতিল করল হাই কোর্ট। তবে টলি তারকা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী চার সপ্তাহের জন্য অভিনেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে তদন্ত চলবে। অভিনেতাকে সেই তদন্তে সবরকম ভাবে সহযোগিতা করতে হবে। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, পরবর্তী শুনানির দিন রাজ্যকে তদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে হবে। পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তার পরে। পাঁচ বছর আগে ঘটনার শুরু। ২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরে সমাজমাধ্যমে কিছু মন্তব্য করেন পরমব্রত। তা থেকেই বিতর্কের শুরু। সেই মন্তব্যের জেরে গত বৃহস্পতিবার, ২১ মে গড়িয়াহাট থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার পরমব্রতের আইনজীবী আদালতে প্রশ্ন তোলেন, এত দিন পরে ওই অভিযোগ কেন? ওই অভিযোগের কোনও ভিত্তি নেই। ওই মন্তব্যের জন্য কারও ক্ষতিও হয়নি। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ এবং ১০৯ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এমন এফআইআর খারিজ করা হোক। তারপরই বিচারপতি পরমব্রতকে সাময়িক স্বস্তি দেন।

Be the first to comment