তোলাবাজির অভিযোগ, গ্রেফতার কলকাতা পুরসভার আর এক তৃণমূল কাউন্সিলর

Spread the love

রোজদিন ডেস্ক : ভয় দেখানো ও তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরকে মঙ্গলবার রাতে গ্রেফতার করল গড়ফা থানা। বুধবারই তাঁকে আদালতে তোলা হবে। এই নিয়ে এখনও পর্যন্ত কলকাতা পুরসভার তিন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। এর আগে সুদীপ পোল্লে ও শচিন সিংকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে। অরিজিতের বিরুদ্ধে একাধিক ব্যবসায়ীর থেকে জোর করে টাকা আদায় করার অভিযোগ রয়েছে। ক্ষমতার হাতবদল ও তৃণমূলের অন্দরে ডামাডোল শুরু হতেই দলের একের পর এক নেতা, কর্মী, জনপ্রতিনিধিরা গ্রেফতার হচ্ছেন। তৃণমূল নেতাদের বিরুদ্ধে এলাকায় এলাকায় ভূরি ভূরি তোলাবাজির অভিযোগ রয়েছে। কিন্তু ক্ষমতায় থাকায় এতদিন কেউ সাহস করে অভিযোগ জানাতে পারেননি। নির্বাচনে হারতেই শুরু হয়েছে অভিযোগ দায়েরের পালা। ফলে গ্রেফতারির তালিকা আরও বাড়তে পারে বলেই তাঁরা মনে করা হচ্ছে। এভাবে পরপর গ্রেফতারি কাঁপুনি ধরিয়ে দিয়েছে তৃণমূলের অন্দরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*