যুবভারতীতে মেসি-কাণ্ড: ৫ জুন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল বিধাননগর পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক : যুবভারতীর মেসি-কাণ্ড নিয়ে অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজার শতদ্রু দত্তের দায়ের করা অভিযোগের তদন্তে এবার রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এই ঘটনা নিয়ে ন্যায়বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন শতদ্রু দত্ত। আগেই দায়ের হয়েছিল এফআইআর। এবার মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আগামী ৫ জুন তলব করল বিধাননগর দক্ষিণ থানা। ওইদিন বেলা ১২টার মধ্যে তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে গোটা ঘটনায় আরও চাপে পড়লেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা প্রভাবশালী তৃণমূল নেতা। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩ (৫) (পূর্বপরিকল্পিত ভাবে অনেকে মিলে একই উদ্দেশ্যে একযোগে কোনও অপরাধমূলক কাজ), ৩০৮(২)-তে তোলাবাজি, ধারা ৩১৮(৪)-এ প্রতারণা, ধারা ৩৫১(২)-এ অপরাধের উদ্দেশ্যে ভয় দেখানো, ও ধারা ৬১(২) অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে অরূপ বিশৃবাসের নামে দায়ের হয়েছে অভিযোগ। এর আগে মেসির অনুষ্ঠানে গোলমালের জেরে শতদ্রু দত্তকে গ্রেফতার করেছিল পূর্বতন সরকারের পুলিশ। শতদ্রু অবশ্য বরাবরই বলেছেন তিনি নির্দোষ। পূর্বতন সরকার নিজেদের দোষ ঢাকতে তাকে ফাঁসাতে চাইছে। সরকার পরিবর্তন হতেই তিনি অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। এই জন্য শতদ্রু দত্ত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিকে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*