রোজদিন ডেস্ক : মুর্শিদাবাদের বেলডাঙায় ভিন রাজ্যে কর্মরত এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে অশান্তির ঘটনার তদন্ত কি এনআইএ করবে, এই নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি দিন। তার মধ্যে রাজ্যেকে তার অবস্থান জানাতে হবে বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে গত ৫ মে বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে অশান্তির ঘটনায় প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে এনআইএ। মামলায় রাজ্যের আইনজীবী জানান, এই ঘটনায় এনআইএ তদন্তের ব্যাপারে রাজ্যের কোনও আপত্তি নেই। তবে ইউএপিএ ধারা লাগু করে তদন্তের পদ্ধতিগত বিষয়ে রাজ্যকে তাদের বক্তব্য জানাতে কিছু সময় দেওয়ার আর্জি জানানো হয়। তার প্রেক্ষিতে এমনই নির্দেশ দিয়েছে আদালত। আগামীকাল বৃহস্পতিবার মামলার শুনানি হতে পারে।

Be the first to comment