রোজদিন ডেস্ক :
হকার উচ্ছেদের প্রতিবাদ-সহ একাধিক বিষয়ে আজ প্রদেশ কংগ্রেসের ডাকা লোক ভবন অভিযানে ধুন্ধুমার বাধে। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, নিট প্রশ্ন ফাঁসে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি, এসআইআরে নাম বাদ ইত্যাদি বিষয়ে তাঁরা তুমুল প্রতিবাদ জানান৷ পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল ও৷ কংগ্রেসের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তুমুল বচসা, টানা হেঁচড়া ইত্যাদিতে এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। পুলিশ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করেছে।
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন রেল স্টেশন সহ বহু জায়গায় হকার উচ্ছেদের বিরুদ্ধে আগেই সরব হয়েছেন তাঁরা। দাবি করেছেন পুনর্বাসন, হকার সংগঠনগুলির সঙ্গে সরকার বৈঠক করুক, আজ এই দাবি সহ একাধিক দাবি নিয়ে রাজ্যপালকে স্মারকলিপি পেশ করেন তাঁরা।
প্রদেশ কংগ্রেসের এই কর্মসূচিতে কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলি থেকেও বহু কর্মী সমর্থকরা যোগ দেন। ছিলেন মহিলারাও। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সমাবেশে বলেন, এসআইআরে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গেছে।
রাজ্যে নতুন সরকার এসেই গরিব হকারদের দোকান, ঘর, বাড়ি ভেঙে দিচ্ছে, অথচ যে সব বিধায়ক, সাংসদ অবৈধ ভাবে বড় বড় ভবন করেছেন, তাঁদের কিছু হচ্ছে না। বিজেপি গরিব বিরোধী বলে তোপ দাগেন। সাধারণ মানুষের স্বার্থে তাঁদের আন্দোলন চলবে বলে জানান তিনি।
পুলিশ তিনি সহ বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে নিয়ে যায়।

Be the first to comment