আগামীকাল বৃহস্পতিবার সই জাল কাণ্ডে অভিষেকের রক্ষাকবচ মামলার শুনানি

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভায় সই জাল কাণ্ডে এখনও পর্যন্ত কোনও আইনি রক্ষাকবচ জোটেনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের। এই পরিস্থিতিতে ফের কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিআইডি-র অতি সক্রিয়তা এবং প্রতিনিয়ত হেনস্থার অভিযোগ তুলে বুধবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলার দ্রুত শুনানির আর্জি জানান তিনি। আদালত জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। এদিন অভিষেকের তরফে সওয়ালে বর্ষীয়ান আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মামলার অত্যন্ত দ্রুত শুনানির প্রয়োজন। এর মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে সিআইডি তল্লাশি চালিয়েছে। প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে। তাই আদালতের হস্তক্ষেপ এবং দ্রুত শুনানি প্রয়োজন। এরপরেই বিচারপতি কৌশিক চন্দ জানান, মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে অবিলম্বে নোটিশ পাঠাতে হবে। বিধানসভায় সই জাল-কাণ্ডে সিআইডি যাতে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ বা গ্রেফতার না করতে পারে, সেই মর্মে আইনি রক্ষাকবচ চেয়ে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। কিন্তু জরুরি ভিত্তিতে সেই আবেদনের শুনানি নাকচ করে দেন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই। ফলে এই মামলায় এখনও বিপদ কাটেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*