রোজদিন ডেস্ক : প্রকাশিত হল ডাবলুবিজেইই বা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান গৌতম পাল। এই বছর ২৪ মে হয়েছিল পরীক্ষা। মাত্র ২৬ দিনের মাথায় পরীক্ষার ফল প্রকাশ করল বোর্ড। এ বছর রেকর্ড সংখ্যক ১,২০,৮৫৬ জন পরীক্ষার্থী এই প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। উত্তীর্ণ হয়েছেন ৯২,৫৭৩ জন ছাত্রছাত্রী। রাজ্যের মেধাতালিকায় প্রথম শাশ্বত বন্দ্যোপাধ্যায। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে সৌহৃদ্য মণ্ডল ও উমাং ভূত। চেয়ারম্যান জানান, র্যাঙ্ক কার্ডের ওপর ভিত্তি করেই রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, আর্কিটেকচার এবং ফার্মেসি কোর্সে ভর্তির সুযোগ পাবেন সফল প্রার্থীরা। ফল প্রকাশের পর খুব দ্রুতই অনলাইন কাউন্সেলিংয়ের দিনক্ষণ প্রকাশ করা হবে। সমস্ত পরীক্ষার্থীকে কাউন্সেলিং প্রক্রিয়ার দিকে নজর রাখার জন্য বোর্ডের ওয়েবসাইটে চোখ রাখতে বলা হয়েছে। সবমিলিয়ে এবার পরীক্ষা দিয়েছিলেন ৯৪,৯০১ জন। তার মধ্যে ৬৭,৩৭৮ ছাত্র ও ২৭,৫২১জন ছাত্রী। ২ জন তৃতীয় লিঙ্গের। মোট ২৬৭টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। তার মধ্যে ২৬৪টি কেন্দ্র বাংলার। এ বাদে ত্রিপুরার ২টি ও অসমের ১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এর জন্য চেয়ারম্যান গৌতম পাল দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকেই ধন্যবাদ জানান। এই প্রথমবার মাল্টিপল ওএমআর শিট ব্যবস্থা চালু করা হয়। প্রভিশনাল অ্যানসার কি-র ব্যবস্থাও ছিল। কেউ কেউ উত্তর চ্যালেঞ্জ করেন। সব কিছুর নিষ্পত্তি করে অবশেষে এদিন প্রকাশিত হল ফলাফল।

Be the first to comment