প্রতিবেদন: লোকসভায় তৃণমূলের সংসদীয় দলে ভাঙন নিয়ে স্পিকার ওম বিড়লার সঙ্গে আলোচনা করতে সময় চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার বিরোধী দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে আজ শুক্রবার ১৯ জুন বিকেল পাঁচটায় সময় দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই উদ্দেশ্যে এদিন দুপুরেই দিল্লি উড়ে যাচ্ছেন অভিষেক। এর আগে অভিষেকের চিঠি নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে যান দুই সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ। সেই চিঠির প্রত্যুত্তরে সময়ও দেন স্পিকার। ১৫ জুন বিকেল চারটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা করার সময়সীমা দিয়ে মেইল পাঠানো হয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। স্বাভাবিক ভাবেই তিনি যেতে পারেনি সেদিন। কীর্তি আজাদ স্পিকারের সঙ্গে দেখা করে পরিস্থিতি জানান। তখনই তিনি পরবর্তী কোনও একটি তারিখে বিকল্প সময় দেওয়ার অনুরোধ জানান। সেই অনুরোধ মেনে আজ শুক্রবার অভিষেককে সময় দেন ওম বিড়লা।
এদিকে আজ ১৯ জুন রাহুল গান্ধির জন্মদিন। এই উপলক্ষে সকালেই সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি রাহুলের সুস্থ ও সুন্দর জীবনের পাশাপাশি আগামীদিনে তার সাফল্যও কামনা করেন।

Be the first to comment