অসমে দুই ঘটনায় নৃশংসভাবে ধর্ষণ করে দুই নাবালিকাকে খুন

Spread the love

রোজদিন ডেস্ক :

অসমের বরাক উপত্যকায় হাইলাকান্দি ও করিমগঞ্জে দুই পৃথক ঘটনায় দুই নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় উত্তাল সংশ্লিষ্ট এলাকা। হাইলাকান্দিতে পিতৃহীন কিশোরী বাড়িতে একাই ছিল। মা একটি অনুষ্ঠানে গেছিলেন, বাড়ি ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় খাটের নীচে পড়ে থাকতে দেখেন। আতঙ্কিত মায়ের আর্ত চিৎকারে প্রতিবেশীরা এসে মেয়েটিকে বীভৎস অবস্থায় পড়ে থাকতে দেখে স্তম্ভিত হয়ে যান। তার মাথা মুখ থেঁতলে দেওয়া হয়েছে। গোপনাঙ্গে রড ঢোকানো, পরিবারের অভিযোগ, খুনের আগে তাকে ধর্ষণ করা হয়। শনিবার রাতের এই ভয়ংকর ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। রবিবার হাজার হাজার মানুষ তুমুল বিক্ষোভ দেখান।

অপর ঘটনা হয় করিমগঞ্জে। সেখানেও এক কিশোরীকে ধর্ষণের পর তাকে গাছে ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। একে আত্মহত্যা বলে দেখানোর জন্য এই কাজ বলে এলাকার মানুষ জনের সন্দেহ। নিহত কিশোরীর বাবা কাজের সূত্রে মিজোরাম থাকেন। তিনি একজনকে অভিযুক্ত বলে পুলিশে নালিশ করেন।

হাইলাকান্দির ঘটনায় এক বা একাধিকজন যুক্ত ছিল কিনা জানা যায়নি। পুলিশ সন্দেহবশত তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

ভয়ংকর এই দুটি ঘটনায় বরাক জুড়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*