রোজদিন ডেস্ক :
রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম থাকা সবার জামিন মঞ্জুর করল সিবিআই এর বিশেষ আদালত। এর মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গাঙ্গুলি সহ চব্বিশজন আছেন।
উল্লেখ্য, প্রাক্তন সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, গ্রুপ ডি কর্মী ইত্যাদি ক্ষেত্রে অর্থের বিনিময়ে নিয়োগ নিয়ে রাজ্যে আলোড়ন উঠেছিল। সিবিআই, ইডি প্রমুখ কেন্দ্রীয় সংস্থার তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ দফতরের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম জড়ানো, গ্রেফতারের নজিরবিহীন ঘটনা হয়।
আজও সিবিআই-এর আইনজীবী অভিযুক্তদের জামিনের আবেদনের বিরোধিতা করেন। এই মামলার গুরুত্বর উল্লেখ করেও তদন্তের স্বার্থে জামিন না দেওয়ার আর্জি জানান।
বিচারপতি উভয় পক্ষের বক্তব্য শোনার পর চার্জশিটে নাম থাকা সব অভিযুক্তদের জামিন দেওয়ার নির্দেশ দেন।সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আজ আদালতে সশরীরে যাননি। তাঁর আইনজীবী সেখানে ছিলেন। শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গাঙ্গুলি সহ অন্যরা আদালতে উপস্থিত থেকে জামিন পান।
খুব শীঘ্র এই হাই প্রোফাইল মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে বলে সূত্রের খবর।

Be the first to comment