অভিষেক ব্যানার্জিকে শর্তাধীনে বিদেশ যাওয়ার অনুমতি শীর্ষ আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক :

অভিষেক ব্যানার্জিকে শর্তাধীনে বিদেশে চিকিৎসার অনুমতি দিল শীর্ষ আদালতে। আজ প্রধান বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চ আগামী সেপ্টেম্বর মাসে শর্তসাপেক্ষে তাঁকে তিন সপ্তাহের জন্য বিদেশ যাত্রার অনুমতি দিয়েছে।

শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, বিদেশ সফর, তাঁর যাতায়াত সংক্রান্ত সব তথ্য তদন্তকারী সংস্থাকে জানাতে হবে। শীর্ষ আদালতে রাজ্যের আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার আবেদনের তীব্র বিরোধিতা করেন।

তাঁর বক্তব্য, ওঁর বিরুদ্ধে রাজ্যে বহু মামলা আছে, উনি বিদেশ গেলে আর নাও ফিরতে পারেন।

বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, একজন ব্যক্তি কোথায় চিকিৎসা করবেন, তাঁর সেই অধিকার আছে। একটি মামলা ছাড়া অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রায় কোন বাধা নেই বলে বিচারপতিরা জানান।

অভিষেক ব্যানার্জির আইনজীবী গোপাল শঙ্করনারায়ণনের দাবি, অভিষেক ব্যানার্জি একটি রাজনৈতিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এখানে তাঁর স্ত্রী, দুই সন্তানও আছে। তিনি বিদেশে চিকিৎসা করিয়ে আসবেন।

বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর তাঁর বিরুদ্ধে ষোলটি মামলা করা হয়েছে।

রাজ্যের আইনজীবীর বিরোধিতা সত্বেও বিচারপতিরা তাঁর বিদেশ যাত্রার আবেদন অনুমোদন করেন।

এই খবরে মমতাপন্থী তৃণমূল শিবির অনেকটাই স্বস্তিতে।

উল্লেখ্য, বছর দশেক আগে পথ দুর্ঘটনায় অভিষেক ব্যানার্জির চোখে মারাত্মক আঘাত লাগে। তিনি প্রাথমিকভাবে রাজ্য, দেশে চিকিৎসা করলেও পরে বিদেশে গিয়ে চিকিৎসা করেন। এর জন্য পরে একাধিক বারই তিনি বিদেশ গেছেন। রাজ্যে পালাবদলের পর তাঁর বিরুদ্ধে একের পর এক নতুন নতুন অভিযোগ এসেছে। আদালতে তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও আছে। এর জন্য আদালতের অনুমতি প্রয়োজন। কলকাতা উচ্চ আদালত এই অনুমতি একাধিকবার প্রত্যাখ্যান করলেও এবার শীর্ষ আদালতে তিনি বিদেশ যাত্রার অনুমতি পেলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*