রোজদিন ডেস্ক :
তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ভাষণ শুনতে চান না, যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের ওপর কে লাঠি, গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, তা জানতে চান বলে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ তোপ দাগেন।
গত কয়েকদিন ধরে এই দাবি নিয়ে কংগ্রেস সহ বিরোধীরা সংসদে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করছেন। এই সব নিয়ে প্রতিদিনই উত্তাল হয়েছে সংসদ। অমিত শাহ র অনুপস্থিতি নিয়েও তুমুল হৈচৈ করেন তাঁরা। পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু বিরোধী দের উদ্দেশ্যে জানান, অমিত শাহ বিবৃতি দেবেন, তার আগে সভার কাজ স্বাভাবিক করতে হবে।
আজ বিরোধী নেতা রাহুল গান্ধী সংসদ ভবন চত্বরে বলেন,কারা পড়ুয়া দের ওপর গুলি চালিয়েছিল? কারা এই নির্দেশ দিয়েছিলেন? কার নির্দেশে একজন শিক্ষার্থী দৃষ্টি শক্তি হারিয়েছেন তিনি জানতে চান। কারাই বা পেরেক যুক্ত লাঠি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন?
এই সব প্রশ্ন তুলে রাহুল গান্ধী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রক থেকেই এই সব নির্দেশ এসেছিল। তিনি জোরালো ভাবে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করেন। বলেন, আসল সত্যিটা হোল, অমিত শাহের ভাবমূর্তি ধূলিসাৎ হয়ে গেছে। সংসদে আসার সাহস নেই বলে রাহুল গান্ধী মন্তব্য করেন।
অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ অভিযোগ করেন, বিরোধীরা সংসদ চালাতে দিচ্ছেন না। তিনি নিট নিয়ে সব রকম আলোচনায় রাজী। সব প্রশ্নের উত্তরও দিতে চান। যদি বিরোধীপক্ষ লিখিতভাবে অধ্যক্ষকে তা জানান, আজ বিকেল তিনটেয় আলোচনা শুরু হতে পারে। আগামীকাল বিকেল তিনটেয় তিনি উত্তর দেবেন।
বিরোধী নেতা রাহুল গান্ধী তাঁর এই বক্তব্য প্রত্যাখ্যান করে জানিয়ে দেন, তাঁরা অমিত শাহর ভাষণ শুনতে আগ্রহী না।

Be the first to comment