মহাসমারোহে মহানায়ক উত্তমকুমারের (Uttamkumar) জন্মশতবর্ষ পালন করছে রাজ্য সরকার

Spread the love

পিয়ালী :

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নন্দনে বৃহস্পতিবার ১৩ অগস্ট উত্তমকুমারের (Uttamkumar) জন্মদিন নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী থেকে রূপা গাঙ্গুলি, প্রসেনজিৎ থেকে জিৎ এবং রাজ্যের প্রথিতযশা চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকরা। বৈঠক শেষে তথ্য ও সংস্কৃতি দফতরের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, দফতরের সচিব সৌমিত্র মোহন এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেন। পূর্ণিমা চক্রবর্তী বলেন, বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক উত্তম কুমারের জন্মদিন ৩ সেপ্টেম্বর তথ্য ও সংস্কৃতি দফতর থেকে তাঁর এই জন্মশতবর্ষ উপলক্ষে ৩ থেকে ৬ সেপ্টেম্বর বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে। এক প্রশ্নের জবাবে পূর্ণিমা দেবী বলেন, আগের সরকারের উত্তমকুমারকে যথাযথ সম্মান জানানোর ইচ্ছা বা মানসিকতা ছিল না।

প্রসেনজিৎ সাংবাদিকদের বলেন, মহানায়ক উত্তমকুমার শুধু বাংলার চলচ্চিত্র জগতের মহানায়ক নন। সারা বিশ্বের বাঙালির কাছে একটা ইমোশন। তাই রাজ্য সরকার এটি বিরাটভাবে পালন করার কথা ভেবেছেন। তাই জন্য আমরা সকলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ বছর তাঁর জন্মশতবর্ষ। তাই গোটা এক বছর ধরে শুধু বাংলায় বা সারা ভারতে নয়, বিশ্বজুড়ে কিছু না কিছু ভাবে উত্তমকুমারকে নিয়ে সেলিব্রেশন হবে। ৩ থেকে ৬ সেপ্টেম্বর কিছু নির্দিষ্ট প্রোগ্রাম হবে। নতুন প্রজন্মের কাছে একশো বছর পরেও উত্তমকুমারকে প্রাসঙ্গিক ভাবে তুলে ধরার প্রয়াস এটি। আমরা ৩ সেপ্টেম্বর ঘটা করে তাঁর জন্মদিন পালন করবো। এটা মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা। আমরা একটা নস্টালজিক হেরিটেজ ওয়াক-এর আয়োজন করা হয়েছে। যে সমস্ত জায়গায় উত্তমকুমারের স্মৃতি জড়িয়ে আছে, সেখানে উত্তমকুমার সেজে মানুষ হাঁটবেন। এছাড়া তাঁর জন্মদিনে মধ্যরাতে কেক কাটিং-এর কথা ভাবা হচ্ছে। পাশাপাশি তাঁর নির্বাচিত ছবিগুলি দেখানোর বন্দোবস্ত হবে। ওপেন এয়ার ট্রিবিউট, এগজিবিশন, তাঁর সমস্ত কাজ নিয়ে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হবে। মহাসমারোহে অনুষ্ঠানের সমাপ্তি উৎসব পালিত হবে ৬ সেপ্টেম্বর।

উত্তম মঞ্চের অবস্থা খুবই শোচনীয়। সেটি কলকাতা কর্পোরেশন-এর অধীনে আছে। সেটি ভালোভাবে সংস্কার করা হবে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উত্তমকুমারের বিভিন্ন ছবি দেখানো হবে। এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হবে ১৬ থেকে ২৩ ডিসেম্বর ২০২৬।

দফতরের সচিব সৌমিত্র মোহন জানান, মহানায়ক উত্তম কুমার-কে নিয়ে একটি আর্কাইভ-ও তৈরি করা হবে। এটি বিদেশে যেমন মিউজিয়াম আছে, ওখানে যেমন কালচারাল হাব আছে, সেইরকম মহানায়ক উত্তমকুমারের নাম দিয়ে সেখানে বাংলার সিনেমার শতবর্ষের ইতিহাস সংরক্ষিত থাকবে। ওনার ছবিগুলি যাতে ডিজিটালি সংরক্ষণ করা হয়, সে বিষয়ে সরকার সচেষ্ট হবে। আর্কাইভ-এর নাম হবে ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*