রোজদিন ডেস্ক :
প্রেসিডেন্সি জেলে মার্কিন তথ্য কেন্দ্রে হামলাকারী আফতাব আনসারির (Aftab Ansari) কুঠুরিতে আইফোন, স্মার্ট ফোন-সহ একাধিক আধুনিক ব্যবস্থা। ছিল ওয়াই ফাই, নগদ টাকাও৷ যা দেখে অবাক পদস্থ আধিকারিকরা। গত ২৩ আগস্ট দমদম জেলের ডিআইজি-র নেতৃত্বে প্রেসিডেন্সি জেলে অভিযান চলে। কুখ্যাত অপরাধী আফতাব আনসারির কুঠুরিতে কিভাবে এত সর্বাধুনিক সরঞ্জাম এলো তা ভেবে হতবাক তাঁরা। এই নিয়ে জেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে।
সূত্রের খবর, আচমকা এই তল্লাশি চলায় কিছুটা অস্বস্তিতে পড়েন কারা কর্তৃপক্ষ। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আফতাব আনসারির কুঠুরিতে একটি আইফোন, তিনটি স্মার্ট ফোন, তিনটি সিম কার্ড, দুটি রাউটার, একটি হটস্পট, পেন ড্রাইভ-সহ অত্যাধুনিক যোগাযোগের সরঞ্জাম।
ওখানে বসেই তিনি দেশ-বিদেশের সঙ্গে যোগাযোগ করে অপরাধের নেটওয়ার্ক চালান বলে সংশ্লিষ্ট মহল মনে করেন৷ এমনকি পাকিস্তানের সঙ্গেও তাঁর যোগাযোগ আছে বলে সন্দেহ করা হচ্ছে। ২০০২, সালে কলকাতার মার্কিন তথ্য কেন্দ্রে হামলা, খাদিম কর্তা অপহরণ সহ একাধিক গুরুতর অপরাধে অভিযুক্ত আফতাব আনসারির কুঠুরিতে নগদ ৩১ হাজার টাকাও মিলেছে।
উল্লেখ্য, কুখ্যাত এই অপরাধীর প্রথমে মৃত্যুদন্ড হলেও পরে তা যাবজ্জীবন কারাদন্ডে পর্যবসিত হয়। তাঁর ওপর কড়া নজর রাখার কথা। তা এড়িয়ে কিভাবে তাঁর কুঠুরিতে নগদ টাকা-সহ এত যোগাযোগের সরঞ্জাম পাওয়া গেল তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।
এর আগে আর এক বিচারাধীন বন্দি আবদুল মঈনুদ্দিনের কাছেও স্মার্ট ফোন, সিম কার্ড পাওয়া গেছে।
কিভাবে বন্দিদের কাছে এই সব মিলছে, এর সঙ্গে কারা কর্তৃপক্ষের একাংশ জড়িত কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।
খতিয়ে দেখা হচ্ছে সংশ্লিষ্ট সকলের ভূমিকাই।

Be the first to comment