রোজদিন ডেস্ক :
কেন্দ্রের পিএম শ্রী প্রকল্পের আদলে এবার রাজ্যে সিএম শ্রী (CM Sri in state) প্রকল্প চালু হতে চলেছে। গুরুত্ব দেওয়া হচ্ছে ক্রীড়া ক্ষেত্রেও। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিক্ষক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এই সব কথা জানান৷ বলেন, পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের জন্য ক্রীড়া ক্ষেত্রে উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলা হবে।
নিউ টাউনের কনভেনশন সেন্টারে “বিদ্যাসাগর শিক্ষাসম্মান”প্রদান অনুষ্ঠানের দীর্ঘ বক্তব্যে মুখ্যমন্ত্রী শিক্ষা, শিক্ষকদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন। এরই মাঝে প্রাক্তন সরকারের আমলে শিক্ষা, শিক্ষক নিয়োগ নিয়ে সার্বিক অবনমনের কথাও বলেন।
আশ্বাস দেন স্বচ্ছ, নিরপেক্ষভাবে শিক্ষক, শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। রাজ্যের শিক্ষা ক্ষেত্রে হৃত গরিমা ফিরিয়ে আনতে তাঁরা বদ্ধপরিকর বলে জানান৷
মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি জেলায় দুটি করে বিদ্যালয়কে” সিএম শ্রী” প্রকল্পের আওতায় আনা হবে৷ সরকারি উদ্যোগে সেখানে স্মার্ট শ্রেণীকক্ষ, ডিজিটাল গবেষণাগার করা হবে।
রাজ্যের বিদ্যালয়গুলি গত তিন বছর কম্পোজিট গ্রান্টের টাকা না পাওয়ায় তাদের নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই কিনতে পারেনি। ভবানীপুরের নামী মিত্র ইন্সটিটিউট এর পড়ুয়াকে সাপের কামড় এর জন্যই হয়েছে বলে ইঙ্গিত দেন৷ বলেন, এই ঘটনা ভাবা যায় না। তাঁরা ক্ষমতায় এসে বিদ্যালয়গুলির প্রাপ্য কম্পোজিট গ্রান্টের টাকা অনেকটাই মিটিয়েছেন বলে দাবি করেন।
মোবাইল ফোন এখন সবার জীবনের অঙ্গ হলেও শিশু, কিশোর পড়ুয়াদের ওপর এর কুপ্রভাব নিয়ে উদ্বেগ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে সতর্ক হওয়ার ওপর গুরুত্ব দেন।
প্রতিটি বিদ্যালয়ে পড়াশোনার পাশে খেলাধুলা, শরীর চর্চা ইত্যাদির প্রয়োজনীয়তার কথা বলেন।
সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে তুলে ধরে বিদ্যাসাগর, বিবেকানন্দ প্রমুখ মনীষিদের কথা স্মরণ করেন তিনি।

Be the first to comment