রোজদিন ডেস্ক :
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্দারমণিতে পর্যটক পরিবারের হেনস্থার (Tourist Harassment in Mandarmani) তীব্র নিন্দা করলেন। এটা আইনের শাসন না জঙ্গলের শাসন তিনি প্রশ্ন তোলেন। জানান, একটি হোটেলের সামনে পার্কিং কেন্দ্র করে মন্দারমণিতে এক পর্যটক পরিবারের ওপর যে হামলার ছবি সমাজ মাধ্যমে দেখা গেল তা দেখে রাজ্যবাসী শিউরে উঠেছেন।।
শুভঙ্কর সরকার বলেন,ভারতীয় ফুটবল দলের প্রাক্তন সদস্য মহম্মদ তারিফ সপরিবারে মন্দারমণিতে বেড়াতে গেছিলেন। একটি হোটেলের সামনে গাড়ি রেখে তাঁরা ঘর দেখতে যান। সেখানে ঘর পছন্দ না হওয়ায় পাশের হোটেলে যান। ফিরে এসে দেখেন, তাঁদের গাড়ির চালকের সঙ্গে হোটেলের নিরাপত্তা কর্মী অভব্য আচরণ করছেন। প্রতিবাদ করতে হোটেলের ম্যানেজার সহ নিরাপত্তা কর্মীরা লাঠি নিয়ে তাঁদের ওপর চড়াও হয়।
ভিডিওতে দেখা যায়, তাদের আক্রমণে এক মহিলা ও এক প্রবীণ ব্যক্তি রাস্তায় লুটিয়ে পড়েছেন। এক মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র মন্দারমণিতে পর্যটক পরিবারের ওপর এই হামলাকে তীব্র ধিক্কার জানিয়ে তিনি বলেন, ওই সব এলাকায় পর্যটনই স্থানীয় মানুষের রুজি রোজগার। সেখানে এই ধরণের ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। তিনি দিঘা, মন্দারমণি, তাজপুর ইত্যাদি পর্যটন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তার দাবি করেন। হামলাকারীদের শাস্তির দাবি জানান।

Be the first to comment