CHANDANNAGAR FESTIVAL: সেজে উঠবে প্যারিসের আদলে, পর্যটন দফতরের উদ্যোগে চন্দননগরে তিনদিনের ফরাসি উৎসব

Spread the love

প্রতিবেদন: একদা ফরাসি উপনিবেশ ছিল হুগলির প্রাচীন জনপদ চন্দননগর।
সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফের সেখানে নেমে আসছে প্যারিসের আবহ। তিনদিনের বিশেষ উৎসবকে (CHANDANNAGAR FESTIVAL) ঘিরে চন্দননগরের বিখ্যাত স্ট্র্যান্ড রোডকে প্যারিসের আদলে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্যের পর্যটন দফতর। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ‘চন্দননগর ফেস্টিভ্যাল’। ভালো সাড়া পেলে বড়দিন ও বর্ষবরণ উপলক্ষেও একই ধরনের আয়োজন করা হতে পারে বলেও ভাবনাচিন্তা চলছে। রাজ্যের পর্যটন দফতরের উদ্যোগে স্ট্র্যান্ড রোডের বিস্তীর্ণ অংশে তৈরি হবে প্যারিসের রাস্তার পরিবেশ। থাকবে আলোকসজ্জা, বিশেষ নকশার অস্থায়ী কাঠামো, ইউরোপীয় ধাঁচের দোকান এবং ফরাসি ক্যাফে। চন্দননগরের বিশ্বখ্যাত আলোক শিল্পই এক্ষেত্রে প্রধান হাতিয়ার। বিশেষ ভিজ্যুয়াল এফেক্ট তৈরির জন্য স্থানীয় শিল্পীরা বিদেশ থেকে উন্নতমানের আলোক সজ্জার সাজ সরঞ্জামও আনছেন। উদ্দেশ্য একটাই, দর্শনার্থীদের কাছে যতটা সম্ভব বাস্তবের প্যারিসকে তুলে ধরা।

রাজ্যের পর্যটন দফতরের তরফে জানান হয়েছে, শুধু সাজসজ্জাই নয়, উৎসবের প্রতিটি পর্বেই থাকবে ফরাসি ঐতিহ্যের ছোঁয়া। থাকবে ফরাসি ও অন্য ইউরোপীয় খাবারের স্টল। থাকবে ভারতীয় খাবারও। সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনা। গঙ্গাপাড়ে হতে পারে বিশেষ গঙ্গা আরতিও।উৎসবে যোগ দেওয়ার কথা ভারতের ফরাসি রাষ্ট্রদূত-সহ ফ্রান্সের একাধিক উচ্চপদস্থ কর্তাদের। তাঁদের উপস্থিতিতে চন্দননগরের ঐতিহাসিক ফরাসি ঐতিহ্যকে নতুন করে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার চেষ্টা করছে রাজ্য সরকার। এই উৎসবের অন্যতম আকর্ষণ হতে চলেছে ঐতিহাসিক ফরাসি রেজিস্ট্রি ভবন পুনরুদ্ধার। সংস্কারের পর ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১১ সেপ্টেম্বর। এর ফলে পর্যটন মানচিত্রে চন্দননগরের গুরুত্ব আরও বাড়বে। প্রশাসনের আশা, ফরাসি ঐতিহ্য, গঙ্গার সৌন্দর্য, বিশ্ব বিখ্যাত আলোকশিল্প এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে এই উৎসব দেশ-বিদেশের পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*