PRESS স্টিকার লাগানো গাড়িতে হেরোইন বিক্রির অভিযোগ, নবদ্বীপে যুবক আটক

Spread the love

রমিত সরকার, নদীয়া : 

নদীয়ার নবদ্বীপের প্রাচীন মায়াপুর এলাকায় গাড়িতে ‘PRESS’ স্টিকার লাগিয়ে হেরোইন বিক্রির অভিযোগে এক যুবককে আটক করল নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯টা নাগাদ প্রাচীন মায়াপুর এলাকায় হেরোইন বিক্রির অভিযোগ ওঠে শুভ দাস নামে প্রায় ২৮ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি দেখতে পেয়ে তাকে আটক করেন বলে জানা গিয়েছে। খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। এরপর অভিযুক্ত যুবককে তার ব্যবহৃত গাড়িসহ আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রে খবর। গাড়িটিতে ‘PRESS’ স্টিকার লাগানো ছিল বলেও জানা গিয়েছে।

স্থানীয়দের দাবি, ওই যুবকের কাছে মাদকদ্রব্য থাকার বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হেরোইন থাকার কথা স্বীকার করেন। তবে হেরোইনের পরিমাণ, সেটি কোথা থেকে আনা হয়েছিল এবং বিক্রির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না—এই সমস্ত বিষয় এখনও তদন্তসাপেক্ষ।

ঘটনাকে কেন্দ্র করে প্রাচীন মায়াপুর এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় মাদক সংক্রান্ত কার্যকলাপ বন্ধ করতে পুলিশের আরও নজরদারি প্রয়োজন।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। আটক যুবকের বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং উদ্ধার হওয়া মাদকদ্রব্যের প্রকৃত পরিমাণ কত, তদন্তের পরেই তা স্পষ্ট হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*