রোজদিন ডেস্ক :
অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের প্রথম মৃত্যু বার্ষিকী আজ অসম-সহ দেশের বিভিন্ন রাজ্যে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। গত বছর এই দিনে সিঙ্গাপুরে সমুদ্রে আচমকা জলে ডুবে প্রাণ হারিয়েছিলেন তিনি। তাঁর অকাল মৃত্যু নিয়ে অসমে সাংস্কৃতিক, রাজনৈতিক মহলে ঝড় উঠেছিল।
আজ অসমের সোনাপুরের “জুবিন ক্ষেত্রে” তাঁর অজস্র অনুরাগী তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এর পাশে তাঁর মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে সরব হন। বহু অনুরাগী জুবিনের গান গেয়ে তাঁকে স্মরণ করেন।
অসম সরকার তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে তিন দিনের কর্মসূচি নিয়েছে। পরশু শুরু হয়ে আজ তার সমাপ্তি হয়।
সমাজ সচেতন শিল্পী জুবিন গর্গ বিভিন্ন সমাজ সেবার কাজেও যুক্ত ছিলেন। আজ তাঁর স্মরণে অসমে একাধিক জায়গায় রক্তদান শিবির সহ নানা সমাজসেবা মূলক কর্মসূচি পালিত হয়।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রক্তদান করেন। সমাজ মাধ্যমে জুবিনের সঙ্গে নিজের দুটি ছবি দিয়ে লেখেন, “মিস ইউ জুবিন।”
শিবসাগরের বিধায়ক অখিল গগৈ তাঁর মৃত্যু দিন ১৯ সেপ্টেম্বর কে ‘জুবিন দিবস” হিসাবে সরকারি ছুটি ঘোষণার দাবি করেন।
প্রয়াত শিল্পীর শোকসন্তপ্ত স্ত্রী গরিমা শইকিয়ার সঙ্গে গতকাল জনপ্রিয় শিল্পী পাপন দেখা করেন।
অসমের সীমানা পেরিয়ে এই রাজ্য সহ সারা দেশেই জুবিন গর্গ জনপ্রিয় ছিলেন। আজ কলকাতার বিভিন্ন অঞ্চলে তাঁর স্মরণে নানা অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয়।

Be the first to comment