প্রতিবেদন: প্রকাশ্যে হাইকোর্ট ও হাইকোর্টের বিচারপতি সম্পর্কে অবমাননাকর মন্তব্য। আর সেটা করলেন নিম্ন আদালতের এক অতিরিক্ত জেলা জজ। তা নিয়ে এবার দায়ের হল অভিযোগ। ঘটনায় শোরগোল কলকাতা হাইকোর্টে। অভিযোগ, কলকাতা হাইকোর্ট ও হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সম্পর্কে প্রকাশ্যে বিদ্রূপ ও অবমাননাকর মন্তব্য করেছেন নদীয়ার তেহট্ট আদালতের এক অতিরিক্ত জেলা বিচারক। ঘটনা সামনে আসতেই তাঁর বিরুদ্ধে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। গত ৩ সেপ্টেম্বরের এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৬ সেপ্টেম্বর এই অভিযোগ দায়ের করেছেন শ্রেয়সী বিশ্বাস ও অক্ষয় বিশ্বাস। অভিযোগে তারা বলেছেন, একটি পকসো মামলার শুনানি চলাকালীন সংশ্লিষ্ট বিচারক ওই অবমাননাকর মন্তব্য করেন। মামলার এক অভিযুক্তের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারক হাইকোর্টে যাওয়ার প্রসঙ্গ এবং মামলা দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত মন্তব্য করেন। অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন হচ্ছে না, এমন কথাও শুনানিতে বলা হয়েছিল। আদালতে উপস্থিত কয়েকজন আইনজীবী ঘটনার প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগকারীরা জানান, বিচারকের এমন আচরণ বিচার ব্যবস্থার মর্যাদা ও আইনজীবী-আদালত সম্পর্কের ক্ষেত্রে উদ্বেগ তৈরি করেছে। তাঁরা বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান হাইকোর্টের কাছে।

Be the first to comment