THREAT CALLS – মুখ্যমন্ত্রীর সভায় না গেলে বন্ধ হবে অন্নপূর্ণার টাকা৷ ফোনে মহিলাকে হুমকি পুরকর্মীর

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ না দিলে বন্ধ হয়ে যাবে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা। এমনই অভিযোগ উত্তর দমদম পুরসভার বিরুদ্ধে। পুরসভা থেকে মহিলাদের ফোন করে দেওয়া হচ্ছে এমনই হুঁশিয়ারি। আপাতত সেই হুমকি ফোনের একটি অডিও ক্লিপও বাজারে ঘুরছে। তার সত্যতা অবশ্য বিচার করা হয়নি। ওই অডিয়োতে নির্দেশ দেওয়া হয়, একটি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে বাস দাঁড়িয়ে থাকবে। মহিলাকে উঠে পড়তে হবে। নাহলে আর মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। তবে এই প্রথম নয়, পালাবদলের পর থেকে বহু মহিলার কাছেই আসছে এই ধরনের হুমকি ফোন, উঠছে অভিযোগ। ওই ভাইরাল অডিও-তে তপন চক্রবর্তী নামে একজন নিজেকে পুরসভার কর্মী বলে দাবি করেছেন। তিমি এক মহিলাকে ফোন করে প্রশ্ন করেন অন্নপূর্ণার টাকা ঢুকেছে কি না। অচেনা ফোন আসায় মহিলা উত্তর দেন, জানি না। তাঁকে নির্দেশ দেওয়া হয়, ১৭ সেপ্টেম্বর সকাল আটটার মধ্যে বণিক মোড়ে পৌঁছতে হবে। শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। বাসে করে সল্টলেক বইমেলা প্রাঙ্গনে যেতে হবে। সকাল ও দুপুরের খাওয়া দেওয়া হবে। বিশ্বকর্মা পুজো আছে বলে মহিলা যাবেন না বলে জানান। অভিযোগ, তাঁকে হুঁশিয়ারি দিয়ে ওই পুরকর্মী বলেন, তাহলে পরবর্তীকালে অন্নপূর্ণার টাকা পেতে অসুবিধা হতে পারে। প্রশ্ন উঠছে সামাজিক প্রকল্প সরকারের টাকা। সেই টাকা বন্ধ হতে পারে বলে কী হুমকি দিতে পারেন কোনও পুরকর্মী? তবে এই নিয়ে এখনও কোনও নির্দিষ্ট অভিযোগ জমা পড়েনি। ফলে ছড়িয়ে ওই অভিযোগের সত্যতা নিয়েও প্রশ্ন উঠছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*