রোজদিন ডেস্ক :
পর্বতারোহণ ছিল তাঁর নেশা। বিশ্বের বহু দুর্গম শৃঙ্গ জয়ের পর নেপালের মানাসলুর ভয়ঙ্কর তুষার ঝড় প্রাণ কাড়লো তরুণ পর্বতারোহী (Young Mountaineer) ধ্রুবজ্যোতি গুহর। মাত্র ৩৬ বছর বয়েসে বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু জয় করতে গিয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন এই উচ্ছল, প্রাণবন্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভয়াবহ তুষার ঝড়ে প্রাণ হারিয়েছেন তাঁর সঙ্গে থাকা শেরপা গাইড ফুরসেম্বাও। তরুণ পর্বতারোহী ধ্রুবজ্যোতি গুহর এই অকাল মৃত্যুর খবরে শোকস্তব্ধ নদীয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলাও।
প্রায় সাত ফুট বরফের তলায় চাপা পড়া তাঁদের দেহ গতকাল উদ্ধার করা হয়। ভয়ঙ্কর তুষারধসে তাঁবুর ভিতরে চাপা পড়ে প্রাণ হারান তাঁরা।
সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই মানালসুর আবহাওয়া প্রতিকূল ছিল। ১৮ সেপ্টেম্বর বহু পর্বতারোহী উঁচু শিবির থেকে নীচে নেমেও আসেন। তবে শেরপা ফুরসুম্বা কে নিয়ে ধ্রুবজ্যোতি ক্যাম্প তিন এর দিকে এগিয়ে গেছিলেন। শনিবার রাতে তাঁবুর ভিতরে থাকাকালীন বিশাল তুষার ধস নেমে তাঁদের তাঁবু চাপা দেয়। এরপর বেস ক্যাম্পের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্বিগ্ন অন্যরা গতকাল সকালে তাঁদের খুঁজতে গিয়ে প্রায় সাত ফুট বরফের নীচে তাঁদের দেহ উদ্ধার করেন। মর্মান্তিক এই ঘটনায় উদ্ধারকারীরাও স্তম্ভিত, শোকাহত।
চলতি মরসুমে মানালসুতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা বলে জানা যায়।

Be the first to comment