প্রতিবেদন: চরম দুঃসময়ে দাঁড়িয়ে বড়সড় স্বস্তি কালীঘাট তৃণমূলের। কমিশনের নির্দেশে দলের নাম ও প্রতীক সাময়িক হাতছাড়া হলেও সোমবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় মমতা শিবিরের পক্ষে রায় দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, হাইকোর্ট ৯ জুলাই তিনটি অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য কালীঘাট তৃণমূলকে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশই আপাতত বহাল রইল আগামী ২৯ জানুয়ারি অথবা পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত। চলতি বছর ডিসেম্বরে ফের মামলর শুনানি হবে।
এর আগে নির্বাচন কমিশন তার অন্তর্বর্তী আদশে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। এই অবস্থায় তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলাটি গ্রহণযোগ্য হওয়া উচিত নয় বলে রাজ্যের তরফে এদিন দাবি করা হয়। রাজ্যের অতিরিক্ত এজি বলেন, এই মামলাটি করা হয়েছে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর নামে। অথচ কমিশনের নির্দেশে এখন ওই নামে কোনও রাজনৈতিক দলই নেই। ওই দলের নাম এবং প্রতীক ফ্রিজ করা হয়েছে। কিন্তু কমিশনের ওই আদেশ অন্তর্বর্তীকালীন বলে গুরুত্ব দিতে চায়নি।আদালত। সোমবার মামলার শুনানিতে হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসার আদালতে এবিষয়ে রিপোর্ট পেশ করেন। পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও ওই তিন অ্যাকাউন্ট নিয়েও একটি তদন্ত রিপোর্ট পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে এদিন আদালতে এই মামলা খারিজ করার আবেদন জানান হয়। কিন্তু সব পক্ষের দাবি খারিজ করে কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণে বলে, কমিশন যে নির্দেশ জারি করেছে তা একেবারেই সাময়িক ও অন্তর্বর্তীকালীন। এটা মূলত উপ-নির্বাচন পরিচালনার স্বার্থে করা হয়েছে। তাই শুধুমাত্র এর জন্য মমতাপন্থী শিবিরের অ্যাকাউন্ট ব্যবহারের অধিকার কেড়ে নেওয়া যায় না। ফলে আদালত নিযুক্ত স্পেশাল অফিসারের নজরদারিতে যেভাবে প্রতিদিনের সাংগঠনিক খরচ ও কর্মীদের বেতন মেটানোর জন্য অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হচ্ছিল, সেই প্রক্রিয়া বজায় রাখার অনুমতি দেওয়া হয়েছে।

Be the first to comment