KUNAL GHOSH:  বেলেঘাটায় নিজের কেন্দ্রেই ফের আক্রান্ত কুণাল ঘোষ

Spread the love

প্রতিবেদন: শনিবার শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে উত্তরপাড়ার কাছে জিটি রোডে আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সেই ঘটনা নিয়ে মুখ খোলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তার রেশ কাটতে না কাটতেই রবিবার সকালে খাস কলকাতায় নিজের কেন্দ্রেই অজ্ঞাত পরিচয় দূষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এদিন সকালে নিজের কেন্দ্রের ৩৪ নং ওয়ার্ডে একটি পূর্বনির্ধারিত কর্মসূচিতে যাওয়ার পথে ফুলবাগানে তাঁর গাড়ি আটকায় সশস্ত্র বাইকবাহিনী। তারপর গাড়ি ভাঙচুর করে তাঁকে গাড়ি থেকে নামিয়ে আনারও চেষ্টা করে বলেই অভিযোগ। তাঁকে মারধর, গালিগালাজ করা হয়েছে। দূষ্কৃতীদের হাতে রিভলবারও ছিল। পরিস্থিতি দেখে ঘটনার সময় কুণালের নিরাপত্তারক্ষীরাও তাঁকে বাঁচাতে পালটা রিভলবার বের করলে পিছু হটে দূষ্কৃতীরা। এরপর কোনও মতে তাঁর ড্রাইভার গাড়ি নিয়ে নারকেলডাঙ্গা থানায় পৌঁছান। সেখানে বসে ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক। বলেন, বিজেপির গুণ্ডারা আমাকে মেরে ফেলার টার্গেট করে হামলা চালিয়েছে। উত্তরপাড়ায় হামলা করেও হয়নি। আজ সকালে আমাকে খুনের চেষ্টা করা হল। আমার গাড়ি আটকে হাতুড়ি দিয়ে কাঁচ ভেঙে কলার ধরে ঝুলল। আরেকজন বাইক আরোহী রিভলবার বার করে এগিয়ে আসে। আমার সিকিউরিটি রিভলবার বার করতে ওরা একটু থমকে যায়। ফুলবাগান থেকে নারকেলডাঙা পর্যন্ত এই হামলা চলেছে। আমি বাড়ি থেকে বেরনোর পর থেকে রাস্তায় আমাকে ফলো করা শুরু হয়। পরে তারা আরও দলে ভারী হয়। আমি বাঁচতে নারকেলডাঙ্গা থানায় এসেছি। এটা কী হচ্ছে, আমাকে বাঁচতে দেবে না? পুলিশকে বারবার বলেছি। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*