রোজদিন ডেস্ক :
প্রাক্তন সরকারের আমলে বিধানসভা র অধ্যক্ষ ছিলেন তিনি। এবার নতুন সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে প্রাক্তন অধ্যক্ষ বিমান ব্যানার্জিও। তাঁর বিরুদ্ধে হরিমোহন ঘোষ কলেজের জমিতে অডিটোরিয়াম বানিয়ে বাণিজ্যিক কাজে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। ওই কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ, বর্তমানে মমতাপন্থী দলের বিধায়ক বিমান ব্যানার্জি। সূত্রের খবর, গতকাল এই সব নিয়ে প্রাক্তন কাউন্সিলর রঞ্জিত শীল-কে জিজ্ঞাসাবাদ করে তাঁর নাম মেলে। এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
প্রাক্তন সরকারের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে। হুগলির জাঙ্গিপাড়ার এক কৃষি সমবায়ে প্রায় তিন কোটি টাকার তছরূপের অভিযোগ উঠেছে। সেখানে যান প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের প্রতিনিধিরা। প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী প্রভাব খাটিয়ে সমবায় থেকে এক কোটি টাকা ঋণ নিয়েছিলেন বলেও অভিযোগ। এই সব নিয়ে তাঁকেও কমিশন জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা যায়।
নির্বাচনে পরাজিত হলেও ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন প্রাক্তন মন্ত্রী।
তবে প্রাক্তন অধ্যক্ষ ও প্রাক্তন মন্ত্রী উভয়েই পৃথকভাবে তাঁদের বিরুদ্ধে আনা এই সব দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন।

Be the first to comment